তথ্য অধিকার আইন মানতে অনীহা
তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার চার বছর পরও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়নি। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হলেও অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত ‘তথ্য অধিকার আইন ২০০৯’ প্রণয়ন করে সরকার। আইনটি ২০০৯ সালের ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশ ও একই বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়। এ আইন অনুযায়ী, আইনটি কার্যকর হওয়ার দুই মাসের মধ্যে প্রতিটি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একজন দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে।
বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র কয়েক কার্যদিবস আগে যোগদান করেছি। দীর্ঘদিন থেকে যে বিষয়টির সুরাহা হয়নি, তা কয়েক দিনে সুরাহা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে যথাযথ প্রক্রিয়ায় বিষয়টির সুরাহা করার চেষ্টা করব।’
শিক্ষার্থী ও সাংবাদিকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিধি, প্রবিধি, নীতিমালা, শিক্ষার্থীদের খাতওয়ারি ফিসহ ভর্তি ফি, একাডেমিক কাউন্সিল ও সিনেটের বিভিন্ন সভার গৃহীত সিদ্ধান্ত ইত্যাদি জানতে চাইলে কর্মকর্তারা এক শাখা থেকে অন্য শাখায় পাঠান। কয়েকটি দপ্তরে আসা-যাওয়া করার পর বেশির ভাগ সময় বলা হয়, এসব তথ্য শিক্ষার্থীদের দেওয়া যাবে না।
সম্প্রতি বেশ কয়েকটি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট বৈঠকে শিক্ষার্থীদের বিষয়ে গৃহীত সিদ্ধান্তও তাঁদের দেওয়া হয়নি। কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তথ্য অধিকার আইনেও তথ্য চেয়ে আবেদন করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, এসব তথ্য দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের একধরনের অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সুদীপ্ত বিশ্বাস বলেন, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। অথচ আইন অনুসারে তথ্য পাওয়া শিক্ষার্থীদের অন্যতম একটি অধিকার।