তথ্য অধিকার আইন যথাযথ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন (আরটিআই) যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নে সম্মিলিত প্রচেষ্টা নেওয়ার জন্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের সদস্য, বুদ্ধিজীবীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘তথ্য জনগণকে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় পথ দেখায় এবং সমাজ থেকে দুর্নীতি ও অন্যায় দূর করতে সহায়তা করে। অন্যদিকে তথ্যের অভাব সমাজে দুর্নীতি ছড়াতে সহায়তা করে।’

রাষ্ট্রপতি বলেন, তথ্যের অবাধ প্রবাহ হলো, গণতন্ত্র ও সুশাসনের চালিকাশক্তি এবং তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সরাসরি যোগসূত্র রয়েছে। একটি দেশের উন্নয়নের মান উঁচু হয় যখন সে দেশের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়। আর অনুন্নয়নের প্রধান কারণ দুর্নীতি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধান তথ্য কমিশনার এম গোলাম রহমান, তথ্যসচিব মর্তুজা আহমেদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও খুরশিদা বেগম সাঈদ, আরটিআই ফোরামের আহ্বায়ক শাহীন আনাম প্রমুখ বক্তব্য দেন।