তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরের নেতৃত্বে কমিশনের এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তথ্য কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, তথ্য কমিশন তাদের ওয়েবসাইটে জনগণকে তথ্য সরবরাহ করে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।শেখ হাসিনা বলেন, কমিশন সমাজের সর্বস্তর থেকে তথ্য সংগ্রহ এবং তা সরবরাহ করে। বিশেষ করে এনজিগুলোর কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সজাগ করে তুলতে হবে। ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা মারিয়া মার্তা ওচ্চা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।বৈঠককালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতের প্রতি বাংলাদেশের তৈরি সিরামিকস, ওষুধপত্র, পাটজাত দ্রব্য ও বস্ত্র আমদানির আহ্বান জানান।