রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, পাঁচ বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে তথ্য অধিকার আইন, ২০০৯ হালনাগাদ করা যেতে পারে। জনগণের স্বার্থ ও তথ্য পাওয়ার অধিকার অক্ষুণ্ন রেখে একে আরও যুগোপযোগী করা উচিত।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার তথ্য অধিকার আইন নিয়ে এ সেমিনার হয়। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সেমিনারটির আয়োজন করে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
সেমিনারে তথ্য অধিকার আইনের সপ্তম ধারা নিয়ে এমআরডিআইয়ের একটি ধারণা জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। ধারাটির শিরোনাম ‘কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়।’ যেসব বিষয়ে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়, এ ধারার ২০টি উপধারায় সেসব বিষয় তুলে ধরা হয়েছে।
জরিপের ফলাফল তুলে ধরেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এতে তথ্য সংরক্ষণ পদ্ধতি যুগোপযোগী ও মানসম্পন্ন করা; দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; আপিল কর্তৃপক্ষ ও দপ্তর প্রধানদের সচেতন করা; আইনের বিধিমালা ও প্রবিধানের মাধ্যমে উপধারাগুলোর আরও ব্যাখ্যা দেওয়া; সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় তথ্য অবমুক্ত করার নীতিমালা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ধারা হুবহু বহাল রাখা, কিছু ধারা সমন্বিত করে বহাল রাখা এবং কয়েকটি ধারা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আইনটির ৭ ধারা অবাধ তথ্যপ্রবাহের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক নয়। এতে যেসব বিধিনিষেধ রয়েছে সেগুলো অগণতান্ত্রিক নয়। ধারণা জরিপেও এ বিষয়ে সে ধরনের কোনো সমালোচনা উঠে আসেনি। তিনি বলেন, আইনটি হালনাগাদ করার সুনির্দিষ্ট প্রস্তাব পেলে মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেবে।
সেমিনারে নির্ধারিত আলোচক সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, আইনে কী আছে, না আছে তার চেয়ে যাঁরা একে প্রয়োগ করবেন তাঁদের মনোভাবটাই বড়। আইনে অনেক কিছু থাকলেও প্রায়োগিক দিকে সমস্যা থাকলে কোনো লাভ নেই।
সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, আইনের ৭ ধারার ব্যবহার করে অনেকেই তথ্য দিতে অপারগতা জানান।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য দেওয়ার ক্ষেত্রে যেমন গোপনীয়তার দিক রয়ে গেছে, তেমনি তথ্য চাওয়ার ক্ষেত্রেও জনগণের একধরনের অনীহা রয়ে গেছে। তবে মানুষের মধ্যে তথ্য অধিকারের বিষয়ে কিছুটা হলেও সচেতনতা এসেছে।
প্রধান তথ্য কমিশনার মো. ফারুক বলেন, আইনটি নিয়ে আরও আলোচনা করা দরকার। চর্চার মাধ্যমেই এর ভুলভ্রান্তি বেরিয়ে আসবে।
জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল ইসলাম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সাবেক সিএজি আহমেদ আতাউল হাকিম প্রমুখ।