তথ্য অধিকার আইনের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। গতকাল বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। এ উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে তথ্য মেলার আয়োজন করা হয়।সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ওই তথ্য মেলার উদ্বোধন করেন। টাউন হল মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ, জেলা তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবীর, সনাকের সাবেক আহ্বায়ক বদরুল হুদা, একুশে পদকপ্রাপ্ত নারীনেত্রী যোবায়দা হান্নান, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি কুমিল্লার সভাপতি পাপড়ি বসু, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী ও তথ্য জানার অধিকার দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী।বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল ও গণসংগীতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) টুটুল চক্রবর্তী। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য ওই মেলা হচ্ছে বলে সনাক কুমিল্লার অনুষ্ঠান সহযোগী (অর্থ ও প্রশাসন) এইচ এম মাঈনুল হক জানিয়েছেন।