তথ্য অধিকার আইনের বাস্তবায়নে প্রধান বাধা আমলাদের মানসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে প্রধান বাধা আমলাদের মানসিকতা। এখনো তাঁরা তথ্য দিতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না।গতকাল মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার ফোরামের গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ মত দেন।এ সময় আলোচকেরা বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়নের পর দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩, সাক্ষ্য আইন ১৮৭২, কার্যপ্রণালী বিধি ১৯৯৬ এবং সরকারি কর্মচারীদের আচরণবিধি ১৯৭৯ আইনে গোপনীয়তাসংক্রান্ত যেসব বিধিবিধান রয়েছে সেগুলোর গুরুত্ব খর্ব করেছে। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে তথ্য গোপনের যে সংস্কৃতি গড়ে উঠেছে তা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না।এ ছাড়া বর্তমান আইনে বেশ কিছু দুর্বলতার কথাও উল্লেখ করেন আলোচকেরা। আইনটিতে স্থানীয় ও বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি, আইনের প্রয়োগ থেকে মুক্ত রাখা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাকেও।মূল প্রবন্ধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সারা বিশ্বে তথ্য অধিকার আইন বাস্তবায়নের কাজটি খুবই কঠিন ছিল। এমন কোনো জাদু নেই যে বাংলাদেশে এক রাতেই পুরো পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ইফতেখারুজ্জামানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জি এম কাদের। তবে তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা তথ্য অধিকার আইনের কোনো ব্যত্যয় ঘটাননি। তবে সুশাসন নিশ্চিত করার জন্য এমন বক্তব্য কাম্য নয় বলে তিনি মত দেন। সরকারি আমলাদের তথ্য গোপনের যে ঐতিহ্য তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য অধিকার আইন ফোরামের আহ্বায়ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।তথ্য কমিশনার সাদেকা হালিম তথ্য অধিকার আইনকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, যেহেতু সংবিধান সংশোধনের কাজ চলছে সেহেতু তথ্য অধিকার আইনকে সংবিধানে অন্তর্ভুক্ত করার এখনই উপযুক্ত সময়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে জে (অব.) মাহবুবুর রহমান এবং ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবল আলম।তথ্য অধিকার আন্দোলনের অনুষ্ঠান: তথ্য অধিকার আইন সম্পর্কে সপ্তাহব্যাপী প্রচারাভিযানের শেষ দিনে তথ্য অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগের আয়োজনে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন ও পথনাটক অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইন সম্পর্কে না জানার কারণে কীভাবে অজ্ঞ, নিরক্ষর, স্বল্প শিক্ষিত শ্রমিকেরা পদে পদে ঠকছেন তাই দেখানো হয় পথনাটকে। বলা হয়, তথ্যের অবাধ প্রবাহ না থাকায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের কর্মঘণ্টা এবং মজুরি সম্পর্কে জানেন না, হাসপাতালে চিকিৎসা সেবা পান না, যথাযথ শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত। নাটকের শেষ অঙ্কে সহজ ভাষায় এই বঞ্চিত মানুষদের একজন শিক্ষক বুঝিয়ে দেন বাংলাদেশে আসলে তথ্য অধিকার আইন বলে একটা আইন আছে এবং প্রয়োজনীয় সব তথ্য দিতে বাধ্য। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপনের অংশ হিসেবে সাত দিনব্যাপী এই প্রচারাভিযানে মোট ১৮টি প্রদর্শনী ও সংগীত পরিবেশিত হয়। বিলি করা হয় প্রচারপত্র, পোস্টার, তথ্য অধিকার আইনের বই ও তথ্য চাওয়ার নির্ধারিত আবেদন ফরম। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও তাদের নানা প্রশ্নেরও উত্তর দেন আয়োজকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য অধিকার আন্দোলনের সদস্যসচিব জাকির হোসেন, সমন্বয়কারী অমিত রঞ্জন দে এবং সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। টিআইবির আয়োজন: ‘জানব, জানাব, দুর্নীতি রুখব’ স্লোগান নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি উদ্যাপন করে। সকালে সাভার উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।