তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন হলে দেশের দুর্নীতির মাত্রা কমবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জনগণ যত বেশি জানতে পারবে ততই দুর্নীতি কমে আসবে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই বললেই চলে। তথ্য জানতে ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগের কমিশনার মো. গাউস। টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই কর্মসূচির আয়োজন করেছে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান, উপপুলিশ কমিশনার মো. গোলাম রউফ খান, সনাক সহসভাপতি শাহ্ সাজেদা, স্বজন সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. হামিদুল ইসলাম।
এর আগে সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’, ‘জানব, জানাব দুর্নীতি রুখব’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার দেখা যায়।
তথ্য মেলায় বরিশাল সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা সিভিল সার্জন, উপজেলা ভূমি অফিস, কৃষি তথ্য সার্ভিস, প্রধান ডাকঘর, তথ্য অফিস, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি, সেফ দ্য চিলড্রেন, ব্র্যাক, স্পিড ট্রাস্ট, মেরি স্টোপস ক্লিনিক, নাগরিক উদ্যোগ, জাগ্রত নাগরিক সমাজ, সূর্যের হাসি ক্লিনিকসহ বেশ কিছু প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলায় সেবাধর্মী তথ্যচিত্র ও দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন এবং তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণবিষয়ক তথ্য দেওয়া হচ্ছে।