তথ্য অধিকার আইনের সহায়তা নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন করা যায়
তথ্য অধিকার আইন ব্যবহার করে গণমাধ্যমকর্মীরা মানসম্মত গভীর ও অনুসন্ধানী প্রতিবেদন করতে পারেন। তবে অনুসন্ধানের জন্য রিপোর্টারদের সময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে হবে। পাশাপাশি রিপোর্টারদেরও দীর্ঘমেয়াদে অনুসন্ধানের পরিকল্পনা থাকতে হবে।
‘তথ্য অধিকার আইন ব্যবহার করে কীভাবে বাংলাদেশি গণমাধ্যমগুলো স্বাধীন ও মানসম্মত রিপোর্টিং করতে পারে’ শিরোনামে এক গবেষণায় এসব কথা তুলে ধরা হয়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার কার্যালয়ের আজিমুর রহমান কনফারেন্স হলে ম্যানেজমেন্ট অব রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এক মতবিনিময় সভায় গবেষণার এই ফলাফল তুলে ধরে।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন ব্যবহারে মানসম্মত সাংবাদিকতা হয়। কিছু অনুসন্ধানী প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক তথ্য পাওয়ার জন্য এই আইন দরকার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মো. গোলাম রহমান বলেন, তথ্য না দেওয়ার সংস্কৃতি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই আছে। এটা অস্বীকার করার উপায় নেই। গণমাধ্যমকর্মীদের অনেকেরই তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা নেই। একটি তথ্য পাওয়ার জন্য ২০ বা ৩০ কার্যদিবস, এটা অনেক দিন। তবে লেগে থাকতে হবে।
গোলাম রহমান আরও বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য অধিকার আইন ব্যবহার করে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। অনুসন্ধানী কাজের সুযোগ আছে। তবে প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতা আছে। এর থেকে বের হতে হলে সব মহলের সমন্বিত উদ্যোগ দরকার।
গবেষণাটি বলছে, গণমাধ্যমকর্মীদের জন্য তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। তবে অনেকেই এর ব্যবহার সম্পর্কে জানেন না। মাত্র ৯ ভাগ গণমাধ্যমকর্মী তথ্য কমিশনে অভিযোগ করার পর শুনানিতে উপস্থিত হন। কখনো গণমাধ্যমকর্মীরা নিজেরাই তথ্য অধিকার ব্যবহার করতে চায় না। আবার কখনো মিডিয়া হাউসগুলো রিপোর্টারদের বড় অনুসন্ধানের জন্য এই আইন ব্যবহারে উৎসাহ দেয় না।
বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এমআরডিআই পাঁচ সপ্তাহব্যাপী এক গবেষণা পরিচালনা করে। ২৫ জন তথ্য কমিশনার, সম্পাদক, রিপোর্টার, তথ্য অধিকারকর্মী, শিক্ষাবিদের সাক্ষাৎকার, ১০টি প্রতিবেদন পর্যালোচনা ও গত সাত বছরে তথ্য কমিশনে সাংবাদিকদের করা অভিযোগ পর্যালোচনা করে গবেষণাটি পরিচালনা করা হয়।
সভায় এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান অনুসন্ধানী সাংবাদিকতার জন্য রিপোর্টারদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
সভায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফ্রস্টসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ব্যবস্থাপক ও কর্মীরা বক্তব্য দেন।