তথ্য অধিকার আইন নিয়ে দুই ধরনের ভূমিকা নিতে পারেন গণমাধ্যমের কর্মীরা। নিজেরা তথ্য পাওয়ার জন্য এর কার্যকর ব্যবহার করতে পারেন। পাশাপাশি মানুষের তথ্য পাওয়ার ক্ষেত্রে এই আইনের বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক ইনে ‘তথ্য অধিকার আইন: ব্যবহার ও প্রসারে সাংবাদিকের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গণমাধ্যমের বিশেষজ্ঞ ও কর্মীরা এই পরামর্শ দেন।বেসরকারি প্রতিষ্ঠান এমআরডিআই, তথ্য অধিকার ফোরাম ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের সদস্য অধ্যাপক সাদেকা হালিম।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আলোচনায় মূল প্রবন্ধ পড়েন। বিভিন্ন গবেষণার উপাত্ত উল্লেখ করে ইফতেখার বলেন, যেসব দেশে তথ্য অধিকার আইন হয়েছে, সেখানে সুশাসন, গণতন্ত্রায়ণ ও ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু সাংবাদিকদের আইনটি ব্যবহার করার ঘটনা খুব বেশি নেই। আইনটি সম্পর্কে সাংবাদিকদের তেমন ধারণা নেই। আর ধারণা না থাকায় আইনটি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নীতিমালা অনুসরণও করতে চান না সাংবাদিকেরা।এ জন্য তথ্য অধিকারবান্ধব নীতিমালা প্রণয়ন করতে গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ইফতেখার। তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নে যথেষ্ট বাধা আছে বলে জানান তিনি। এগুলোর অন্যতম হলো, আইনটি বাস্তবায়নে জাতীয় পরিকল্পনা নেই। নেই আন্তমন্ত্রণালয় সমন্বয়। তথ্য কমিশন লোকবলসহ নানা সমস্যায় জর্জরিত।তথ্য কমিশনের নানা সমস্যা-সীমাবদ্ধতার কথা স্বীকার করেন কমিশনের সদস্য সাদেকা হালিম। তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের জন্য আমরা তিনজন কমিশনার আছি।’ এ সংখ্যা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইনকে প্রান্তিক মানুষের কাছে না নিয়ে যেতে পারলে এটি একটি ‘ড্রয়িংরুম’ আইন হয়ে যাবে।আলোচনাকালে সিজেএর আন্তর্জাতিক কমিটির প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ার বলেন, ‘সরকারি অফিসের তথ্য কর্মকর্তারা তথ্য দেন না। এঁদের মূল দায়িত্ব থাকে মন্ত্রী বা উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য সংবাদ বিজ্ঞপ্তি লেখা।’আলোচকদের অনেকে তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য পেতে দীর্ঘসূত্রতার অভিযোগ তোলেন। ই-মেইল বা মুঠোফোনের মাধ্যমে তথ্য পাওয়ার ব্যবস্থা থাকলে তা অনেক ভোগান্তি কমাতে পারে বলে মত দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।সিজেএ বাংলাদেশের প্রেসিডেন্ট সাংবাদিক ফরিদ হোসেন বলেন, ‘অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্য অধিকার আইন সাংবাদিকদের বেশ সহায়তা করতে পারে।’দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ইশতিয়াক রেজা, সাইফুল আমিন, সুকান্ত গুপ্ত অলোক, খান মোহাম্মদ খালেদ প্রমুখ।