গণতান্ত্রিক একটি রাষ্ট্রে যেকোনো তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। তাই সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করা উচিত। আর তথ্য অধিকার আইনের সুফল পেতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে তথ্য অধিকার আইনের দুই বছর: একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট ও নিজেরা করি যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। সভায় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন থেকে সুফল পেতে হলে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। এ আইন বাস্তবায়নের জন্য যেসব বেসরকারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজ করছে তাদের মধ্যে যেমন সমন্বয় দরকার, তেমনি দরকার তথ্য কমিশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা।মোহাম্মদ জমির আরও বলেন, তথ্য দেওয়ার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত। আর তথ্য কর্মকর্তা যে কাজ করেন, সেটার একটা স্বীকৃতি দেওয়া উচিত। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, দেশের সংবিধান অনুসারে জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক। রাষ্ট্রের যেকোনো তথ্য সাধারণ জনগণের জানার অধিকার রয়েছে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্যই তথ্য অধিকার আইন। সুতরাং আইনটির যথাযথ বাস্তবায়ন ও প্রয়োগে সবাইকে এগিয়ে আসতে হবে।বেসরকারি সংস্থা নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির বলেন, শহুরে সীমা ডিঙিয়ে তথ্য অধিকার আইনের মতো বিষয়গুলো গ্রামীণ সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছানো প্রয়োজন। এতে করে মানুষের মাঝে সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি হবে।সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে গত দুই বছরের অভিজ্ঞতা, সমস্যা ও করণীয়গুলো তুলে ধরেন আরইবির নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। সভায় আইনজীবী সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুল বারী।