তথ্য অধিকার দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য জানানোর মধ্য দিয়ে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে তথ্যমেলা, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: বিতর্ক, নাচ, গান, জারি, নাটক ও বিভিন্ন তথ্যসংবলিত প্রামাণ্যচিত্র নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের তথ্যমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাংসদ তালুকদার মো. ইউনুস। খুলনা: গতকাল বুধবার থেকে টিআইবি ও সনাকের উদ্যোগে নগরের শহীদ হাদিস পার্কে তিন দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের’—এই স্লোগান সামনে রেখে একটি শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে টিআইবি ও সনাক আয়োজিত তথ্যমেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। ভোলা: প্রতিটি মানুষের সরকারি-বেসরকারি তথ্য জানার অধিকার রয়েছে। কিন্তু ভোলার প্রতিষ্ঠানগুলো চাওয়ামাত্র তথ্য দিচ্ছে না এবং জনগণও তথ্য অধিকার সম্পর্কে সচেতন নয়। তাই এই আইনের বাস্তবায়ন হচ্ছে না। এই সমস্যার সমাধান ও তথ্য অধিকার বাস্তবায়নের দাবিতে ভোলার সচেতন সমাজ মানববন্ধন এবং প্রেসক্লাবে আলোচনা সভা করেছে। পিরোজপুর: সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা কমিটির উদ্যোগে শহরের ক্লাব সড়কে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান, মহিলা পরিষদের মনিকা মণ্ডল, উদীচীর খালিদ আবু, এনজিও ফোরামের আহ্বায়ক জিয়াউল আহসান প্রমুখ।