তথ্য অধিকার পরিপন্থী আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান
তথ্য অধিকার আইনের পরিপন্থী ও এর মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক আইন বা নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে সরকারের সব কর্তৃপক্ষকে তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নীতিমালা প্রণয়ন করে তা কার্যকর করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত সোমবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে টিআইবি এ আহ্বান জানায়। সম্প্রতি সরকার তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বেশ কয়েকটি আইন ও নীতিমালা প্রণয়ন করায় এ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইটে তথ্যের হালনাগাদ না হওয়ার উদাহরণ দিয়ে বিবৃতিতে টিআইবি বলেছে, ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন হলেও এখনো আইনটি সম্পর্কে জনসচেতনতা প্রত্যাশিত নয়। অন্যদিকে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট তৎপর ও উদ্যোগী না হওয়ায় সুশাসনের হাতিয়ার হিসেবে আইনটির যথাযথ প্রয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সংস্থাটি বলছে, জাতীয় সম্প্রচার নীতিমালা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং প্রস্তাবিত সাইবার আইনের খসড়ায় অবাধ তথ্যপ্রবাহ ও বাকস্বাধীনতাকে সংকুচিত করার অনেক উপাদান থাকায় তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন ঝুঁকির মুখে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদ্যাপনের অংশ হিসেবে ৪৫টি এলাকায় গঠিত সচেতন নাগরিক কমিটি ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সদস্যদের সহযোগিতায় টিআইবির মাসব্যাপী নানা কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে তথ্যমেলা, আলোচনা সভা, সেমিনার, মানববন্ধন, সাইকেল র্যালি, তথ্যসেবা কেন্দ্র, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, গণশুনানি, থিয়েটার প্রভৃতি। চলছে পোস্টার ও স্টিকারের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচার কার্যক্রমও। বিজ্ঞপ্তি।