তথ্য অধিকার বাস্তবায়নে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার বাস্তবায়নে জাতীয় বাজেটে বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের নেতারা। গতকাল রাজধানীতে আয়োজিত ‘তথ্য অধিকার বাস্তবায়নে বাজেট বরাদ্দ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ দাবি তোলেন। অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে বরাদ্দ রয়েছে উল্লেখ করে আশ্বাস দেন, অর্থের অভাবে কাজ আটকে থাকবে না। সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা বৈঠকে বলেন, তথ্যপ্রাপ্তির অধিকারকে মূলধারায় এনে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য প্রদানে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ, তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় উপকরণ কিনতে বরাদ্দ দেওয়া না হলে মাঠপর্যায়ে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া সহজ হবে না। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির নিজেও তথ্য অধিকার বাস্তবায়নে আর্থিকসহ নানামুখী সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি বলেন, ‘তথ্য প্রদানের দায়িত্বে থাকা ব্যক্তির জন্য কোনো সুযোগ-সুবিধা রাখা হয়নি। এমনকি বাড়তি এ কাজটির জন্য মোবাইল বিলও পান না তিনি। তথ্য অধিকার বাস্তবায়নে বিভিন্ন খাতে অর্থ প্রয়োজন। বাজেটসহ অন্য সব সহায়তা দিয়ে এ প্রতিষ্ঠানকে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’ এসব দাবির পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমান বাজেটে তথ্য কমিশনের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। প্রয়োজনে সুনির্দিষ্ট খাত উল্লেখ করে মন্ত্রণালয়ের কাছে আরও অর্থ চাইতে পারে কমিশন।’গণমাধ্যমবিষয়ক কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘আরটিআই মিডিয়া প্ল্যাটফরম’ এ বৈঠকের আয়োজন করে। তথ্য অধিকার বাস্তবায়ন খাতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবিকে সামনে রেখে সুপারিশ তৈরির লক্ষ্যে এর আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন সম্পর্কে সব মহলে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দুই বছরে তথ্য অধিকার নিয়ে অনেক কাজ হয়েছে। জেলা পর্যায় পর্যন্ত অনেক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সঠিক ও নির্ভরশীল তথ্য প্রদানের ওপর গুরুত্ব দিয়ে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তথ্য দিয়ে সর্বস্তরের মানুষকে সক্ষম করে তুলতে হবে। অধ্যাপক গোলাম রহমান তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিক শওকত মাহমুদ বলেন, তথ্য অধিকার আইন সুশীল সমাজের দাবির ফসল হলেও তথ্য কমিশনে সুশীল সমাজের প্রতিনিধি নেই। অর্থ বরাদ্দ দিয়ে তথ্য অধিকার বাস্তবায়ন করা যাবে না, বরং মানসিকতার পরিবর্তন করতে হবে।তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম বলেন, তথ্য প্রদানকারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণাসহ প্রয়োজনীয় উপকরণ ক্রয়ে অর্থ প্রয়োজন। যৌথভাবে আলোচনা সমন্বয় করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও নাঈমুল ইসলাম খান। তথ্য অধিকার বাস্তবায়নের চ্যালেঞ্জ ও বিষয়টিকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা বিষয়ে পৃথক দুটি বক্তব্য উপস্থাপন করেন মীর মাসরুর জামান ও খালেদ মহিউদ্দিন। আরও আলোচনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মির্জা তারেকুল কাদের প্রমুখ।