তথ্য অধিকার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনের সদস্য সাদেকা হালিম বলেছেন, সমাজের সর্বস্তরে তথ্য অধিকার এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দিতে হবে। তথ্য অধিকার সম্পর্কে জানতে, বুঝতে ও সচেতন হতে হবে। এ জন্য তথ্য সাক্ষরতায় দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ কর্মসূচি এ ক্ষেত্রে একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘তথ্য সাক্ষরতা ও জাতিসংঘ সাক্ষরতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাদেকা হালিম এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক) ঢাকার কর্মকর্তা কাজি আলী রেজা এবং জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি)। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তথ্য সাক্ষরতা অভিযানকে পূর্বশর্ত করতে হবে। সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ বাংলাদেশ এবং ইউনিকের যৌথ উদ্যোগে কোর্সটি পরিচালিত হয়। প্রশিক্ষণ কোর্সের শুরুতেই ইউনিকের অধিকর্তা কাজি আলী রেজা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-ইসলাম, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি মিনহাজ উদ্দিন আহাম্মদ এবং ইউনিকের কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।