তথ্য অনুসন্ধানকেন্দ্র বন্ধ ছয় মাস, বিপাকে রোগী-স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য অনুসন্ধানকেন্দ্র ছয় মাস ধরে বন্ধ। এতে হাসপাতালসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে ইউনিসেফ তাদের নিজেদের লোকবল ও অর্থায়নে হাসপাতালে তথ্য ও অনুসন্ধানকেন্দ্র গড়ে তোলে। তাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে গত বছরের অক্টোবর থেকে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৬ সালে হাসপাতাল প্রতিষ্ঠার পর হাসপাতালের নিজস্ব কোনো তথ্য ও অনুসন্ধানকেন্দ্র ছিল না।
গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, রোগী-স্বজন ও সাধারণ জনগণের যেকোনো তথ্য পেতে চরম বিপাকে পড়তে হচ্ছে। পাঁচতলা ভবনের কোথায় কোনো ওয়ার্ড, কোন দিক দিয়ে যেতে হবে, কোথায় কোন সেবা পাওয়া যাবে—এমন প্রশ্নের উত্তর সহজে কারও কাছে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া কে হাসপাতালের কর্মচারী আর কে বাইরের লোক, তা-ও বোঝার কোনো উপায় নেই।
এদিকে এ হাসপাতালের ২৩টি বিভাগে ৪৪টি ওয়ার্ডে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় দুই হাজার। বিভিন্ন বহির্বিভাগে কমপক্ষে আরও এক থেকে দেড় হাজার লোক আসে।
নীলফামারীর এক রোগীর স্বজন সাইফুল ইসলাম বলেন, ‘পুরুষ সার্জারি ওয়ার্ড খুঁজছি। একজন বলল চারতলায়। এক সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখি সিঁড়ি বন্ধ। এরপর আবার ঘোরা। এভাবে আধা ঘণ্টা ধরে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে পড়েছি। এর পরও খুঁজে পেলাম না।’
হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবনের সামনে রংপুরের পীরগাছা উপজেলার রোগীর এক স্বজন রহিম শেখ বলেন, ‘এত বড় হাসপাতালে তথ্যকেন্দ্র নেই, এটা কোনো কথা হলো? তাহলে সাধারণ মানুষজন আমরা কোথায় কী, তা কীভাবে খুঁজে পাব?’
এদিকে তথ্যের সন্ধান করতে গিয়ে অনেকে দালালদের খপ্পরেও পড়ছেন বলে অভিযোগ উঠেছে। গঙ্গাচড়া উপজেলা থেকে সুলতান আক্তার তাঁর শিশুকে নিয়ে হাসপাতালে এসে সকালে দালালের খপ্পরে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি একজনের কাছে জাইনবার চাইছিনু যে শিশু রোগীক কোনঠে দেখায়। এইটা বলার পরপরই একবার এটে নিয়া যায়, আরেকবার অন্য জায়গাত নিয়া যায়। শেষোত দেখে দিয়া কয়, ৫০ টাকা দেও। পরে ২০ টাকা নিছে।’ এ সময় আরও কয়েকজন দালালের খপ্পরে পড়ার কথা জানান।
এ ব্যাপারে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, ‘এখানে আমাদেরই বা কী করার আছে। রোগী ও তাদের স্বজনদের তথ্যসেবা প্রদানের বিষয়টি হাসপাতালের পরিচালকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কাজে আসেনি।’
হাসপাতালের পরিচালক দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় উপপরিচালক আবদুল কাদের খান বলেন, হাসপাতাল যে নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করবে, সে রকম কোনো লোকবল এখন নেই।