তথ্য আদান-প্রদানে অবহেলা করলে ওসিদের সরানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি পুলিশ ও থানা-পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান বাড়াতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তথ্য আদান-প্রদানে অবহেলা করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
নরসিংদীতে গতকাল সোমবার জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে এসব কথা বলেন আইজিপি। সন্ধ্যায় পুলিশ লাইনস মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আইজিপি বলেন, থানা-পুলিশের সদস্যদের সঠিক তথ্য দিয়ে কমিউনিটি পুলিশকে সহযোগিতা করতে হবে। ব্যতিক্রম হলে উদ্দেশ্য সফল হবে না। ওসিরা যদি সঠিক তথ্য দিতে না চান কিংবা তথ্য গ্রহণে অবহেলা করেন, তাহলে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কমিউনিটি পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টাউট-বাটপারদের বাদ দিয়ে ভালো লোক দিয়ে কমিউনিটি পুলিশ গঠন করতে হবে। তবেই পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ স্থাপিত হবে।
বাংলাদেশকে জঙ্গির দেশ হতে দেওয়া হবে না উল্লেখ করে আইজিপি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের কখনোই মারতে চাই না। বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু যখন আমাদের জীবনের ওপর আঘাত আসে, তখন তাদের বাঁচাতে পারি না।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিং একটি সামাজিক আন্দোলন। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূরীকরণে এই আন্দোলনের সূচনা হয়েছে।
অনুষ্ঠানে নরসিংদীর পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা আমেনা বেগম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মনোহরদী-বেলাব আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ, পলাশের সাংসদ কামরুল আশরাফ খান, শিবপুরের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিন ভূঞা, পৌরসভার মেয়র কামরুজ্জামান, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সভাপতি মশিউর রহমান মৃধা প্রমুখ।
এর আগে আইজিপি শহরের সাহেপ্রতাপ এলাকায় অফিসার্স মেস ও নারী পুলিশ ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নবনির্মিত পুলিশ ব্যারাক উদ্বোধন করেন।