তথ্য আপা থাকলেও তথ্য নেই!
তথ্য আপার মূল দায়িত্ব হলো, উপশহর ও গ্রামাঞ্চলের ইন্টারনেট সুবিধাবঞ্চিত নারীরা যেসব তথ্য চান, তা জানানো। কিন্তু সমস্যা হলো, তথ্য আপার হাতের নাগালে সব তথ্য নেই। এ কারণে অনেকটা বিব্রতকর অবস্থার মধ্যে আছেন তাঁরা।
তথ্য আপা হচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের নাম। মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ। অর্থাৎ ১২ কোটির বেশি টাকার প্রকল্পটি শেষ হতে বাকি মাত্র এক বছর। অথচ ৫৮ জন জনবলবিশিষ্ট প্রকল্পের আওতায় তথ্যভান্ডার, ওয়েব পোর্টাল, উইমেন টিভি, কেন্দ্রীয় কল সেন্টার, মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেসব তথ্যের উৎস তৈরির কথা ছিল, তা সম্পন্ন হয়নি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়।
প্রকল্পের আওতায় এ পর্যন্ত ছয়টি বিভাগের ১০টি উপজেলায় তথ্যকেন্দ্র তৈরি এবং ৩০ জন তথ্য আপা নিয়োগ দেওয়া হয়েছে। একেকটি কেন্দ্রে তিনজন তথ্য আপা কাজ করেন। একজন তথ্য আপা কেন্দ্রে বসেন। সেখানে বসেই নারীদের বিভিন্ন তথ্য দেন। বাকি দুজন তথ্য আপা ল্যাপটপ নিয়ে বাড়ি বাড়ি যান। প্রকল্প মেয়াদে এক লাখ নারীকে সচেতন ও উদ্বুদ্ধ করার কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন তথ্য আপা প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে সব তথ্য নেই। তথ্য জানতে এসে তথ্য না পেয়ে অনেকে বিরক্ত হচ্ছেন। আমরা তথ্যটি জানানোর জন্য কিছু সময় চেয়ে নিই। পরে সঠিক জায়াগা থেকে তথ্যটি জেনে নিয়ে জানাই।’
তথ্য আপারা জানান, কলেজের মেয়েরা বেশি আসে চাকরির তথ্য জানতে। এ ছাড়া কৃষি, স্বাস্থ্যসহ ও পরিবার পরিকল্পনা বিষয়ে তথ্য চান অনেকে। প্রকল্পের আওতায় সব তথ্য পাওয়া গেলে কাজটা সহজ হবে।
প্রকল্পের প্রথম বছরেই ওয়েব পোর্টাল তৈরির কথা ছিল। তা এখনো প্রক্রিয়াধীন। ওয়েব পোর্টালে নারী ও শিশু, নারী উদ্যোক্তা, নারীবিষয়ক সংবাদ, সরকারি বিধিবিধান, বিভিন্ন গবেষণা, আইনি সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে। এতে যোগ হবে একটি অনলাইন টিভি। নাম হবে উইমেন টিভি। ওয়েব পোর্টালের মাধ্যমে এই টিভি দেখা যাবে। এই টিভিতে একটি ভিডিও এবং স্থিরচিত্রের সংগ্রহশালাও থাকবে। অন্যদিকে তথ্যভান্ডারে নারীবিষয়ক বিভিন্ন তথ্য মজুত থাকবে। এই ভান্ডার থেকে তথ্য বিতরণ ও ব্যবহারে কোনো অর্থ লাগবে না।
ভৈরব উপজেলার তথ্য আপা ফারজানা সুলতানা বলেন, ‘তথ্য আপা’ বিষয়টি কী তা অনেকে বোঝেন না। অনেকে আবার তথ্য লাগবে না বলেও সাফ জানিয়ে দেন। রাস্তায় বের হলে অনেকে আবার ‘এই তথ্য আপা’ বলেও ডাক দেন। মানুষের মধ্যে বিষয়টি নিয়ে উৎসাহ তৈরি হচ্ছে। তাই এখন তথ্য আপাদের নিজেদের আগে তথ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন।
প্রকল্প পরিচালক মীনা পারভীন স্বীকার করলেন, প্রকল্পের গতি কিছুটা ধীর। তবে কার্যক্রম চলছে।