ফেনীতে গতকাল শনিবার একটি সাপ্তাহিক পত্রিকার রজতজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর তীব্র সমালোচনা করেছেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তথ্য উপদেষ্টার বংশ-পদবি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সাংসদ নিজাম হাজারী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকবাল সোবহানকে পত্রিকা দিয়েছেন, টেলিভিশন চ্যানেল দিয়েছেন, এসবের নাম বিক্রি করে তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ তুলে ধরবেন তিনি।
সাংসদের করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর অবৈধ কোনো সম্পদ নেই, অবৈধ উপার্জনও নেই। নিজাম হাজারীকে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, কোটি কোটি টাকার অবৈধ সম্পদের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে অন্যদের মতো টেলিভিশনের লাইসেন্সের জন্য তিনিও দরখাস্ত করেন। প্রধানমন্ত্রী তা সদয় হয়ে অনুমোদন করেন। আর একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, একজন অপরাধপ্রবণ মানুষ অন্য সব মানুষের মধ্যে খুঁত খুঁজে বেড়ায়। আক্রোশ থেকে সাংসদ তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। বংশপরিচয় নিয়ে একজন জনপ্রতিনিধি যে অশালীন বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে কোনো মন্তব্য করার রুচি তাঁর নেই।
ফেনী শহরের সমবায় সুপার মার্কেটে গতকাল দুপুরে সাপ্তাহিক ফেনী বার্তার রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম হাজারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক মীর হোসেন। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন। বক্তব্য দেন ব্যবসায়ী এম এ কাসেম, ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তায়বুল হক, সাংবাদিক নুরুল করিম মজুমদার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী।