তথ্য-উপাত্ত দিয়ে কথা বলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি কিছু বলার থাকে তথ্য-উপাত্ত ও প্রমাণ দিয়ে কথা বলবেন। ফাঁকা বুলি আওড়াবেন না।’ জাতিসংঘসহ বিদেশি বন্ধুদের প্রতি এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
হাসানুল হক বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে নির্বাচনে ত্রুটি-বিচ্যুতি হলে কীভাবে সংশোধন করতে হয়, তার বিধান আছে।
সদ্য শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে ইনু বলেন, ‘বিদেশি বন্ধুরা ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টার মধ্যে যে উদ্বেগ প্রকাশ করছে, তা করতে পারে। কিন্তু তিন হাজার কেন্দ্রের রিপোর্টই তাদের কাছে নেই। ওই তিন হাজার কেন্দ্রের রিপোর্ট ছাড়া যে উদ্বেগ প্রকাশ করছে, তা আমরা শুনেছি, শুনব। কিন্তু তা নিয়ে আমরা মাথা ঘামাই না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পুনর্নির্বাচনের দাবি করলেই হবে না। তিন হাজার কেন্দ্রের মধ্যে কতটা কেন্দ্রে গন্ডগোল হয়েছে, সেই তথ্য হাজির করুন। সমগ্র গণমাধ্যম তো দেড় শ কেন্দ্রেরও তথ্য হাজির করতে পারেনি। সুতরাং মাত্র দেড় শ বা ১৪০টি কেন্দ্রের বিবরণ দিয়ে বলছে যে গণতন্ত্র পরাজিত হলো। কিন্তু গণতন্ত্র পরাজিত হলো যাঁরা লিখেছেন, তাঁদের লেখার মধ্য দিয়ে প্রমাণিত হলো, গণতন্ত্র এখনো জীবিত আছে।’
গণমাধ্যমের উদ্দেশে ইনু বলেন, ‘গণমাধ্যমের বন্ধুরা খালি গ্লাসের ছবি দেখাবেন না। আর খালি গ্লাসের ছবি দেখিয়ে গ্লাস শূন্য এই কথা বলার চেষ্টা করবেন না। এটা অর্ধ সত্য এবং অর্ধ সত্য বললে গণমাধ্যমের পবিত্রতা নষ্ট হয়।’