
উচ্চমাধ্যমিক পরীক্ষায় নটর ডেম কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার চেয়ে বিজ্ঞানের ছাত্ররা এগিয়ে আছে।
নটর ডেম কলেজ থেকে এই বছর পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৭ জন। কলেজের পাসের হার শতকরা ৯৯ দশমিক ২৫ শতাংশ।
নটর ডেম কলেজে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৯৭৫ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৯৭৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৮৭৬ জন। এই বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৯০ শতাংশ।
মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২০ জন। পাস করেছেন ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। এ বিভাগে পাসের হার ৯৫ শতাংশ।
বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৮২ জন। এর মধ্যে পাস করেছেন ৬৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন। এ বিভাগে পাসের হার ১০০ শতাংশ।
কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়ুস রোজারিও বলেন, সারা দেশেই পাসের হার কম। সে তুলনায় এ কলেজে ছাত্রদের ফল ভালো। বিজ্ঞান বিভাগের ফলও ভালো হয়েছে। তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টিতে গাণিতিক কিছু অধ্যায় থাকায় মানবিক ও বাণিজ্য বিভাগের ছাত্রদের ফল খারাপ হয়েছে।