তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধ্যাদেশ সংসদে উত্থাপন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ-২০১৩, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১৩ ও মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-২০১৩ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত হয়েছে। তিনটি বিলই উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
২০০৬ সালে পাস হওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে অনলাইনে কারও সম্মানহানি করে কিছু প্রকাশের শাস্তি ছিল সর্বোচ্চ দশ বছর। গত ২০ আগস্ট অধ্যাদেশ আকারে সংশোধিত আইনে ওই শাস্তির পরিমাণ সর্বনিম্ন সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর করা হয়েছে। এ ছাড়া নতুন আইনে কিছু অপরাধ জামিন-অযোগ্য করা হয়েছে।
মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-২০১৩ অনুযায়ী মাল্টি-লেভেল মার্কেটিং করতে হলে কোম্পানি গঠন করে লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে। এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। লাইসেন্সের শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১৩-এর মাধ্যমে অর্পিত সম্পত্তির জন্য আবেদনের সময়সীমা ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।