তথ্য কমিশনে দুটি অভিযোগের নিষ্পত্তি
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনে গতকাল বৃহস্পতিবার পাঁচটি অভিযোগের মধ্যে দুটির নিষ্পত্তি হয়েছে। বাকি তিনটি অভিযোগ নিষ্পত্তির জন্য ২৩ মে দিন ধার্য করা হয়েছে।রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে গতকাল শুনানিতে অংশ নেন তিন সদস্যের শুনানি প্যানেল। তাঁরা হলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, দুই তথ্য কমিশনার এম এ তাহের ও সাদেকা হালিম।গতকাল চৌধুরী মুহাম্মদ ইসহাক ও মো. কামরুল ইসলামের আবেদনের নিষ্পত্তি হয়। ঢাকার পল্লবীর চৌধুরী মুহাম্মদ ইসহাক সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কিছু তথ্য চেয়ে আবেদন করেছিলেন। তাঁর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ। দৈনিক ইনকিলাব-এর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর তথ্য চেয়ে আবেদন করেছিলেন। নির্ধারিত সময়ে তিনি তথ্য পাননি। বিলম্বে যে তথ্য তাঁকে দেওয়া হয় তাও ছিল ভুল।শুনানি শেষে কমিশন অভিযোগ দুটি নিষ্পত্তি করেন এবং অভিযোগকারীদের তথ্য দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এ নিয়ে চলতি বছর চার দিন শুনানিতে ২১টি অভিযোগের মধ্যে ১৮টির নিষ্পত্তি হলো।