তথ্য কমিশনে ১০টি অভিযোগের শুনানি
আবেদন করার পরও তথ্য না দেওয়ায় দেশের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও তথ্যপ্রদান কর্মকর্তাকে সতর্ক করার পাশাপাশি তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার অভিযোগকারী ও অভিযুক্তদের উপস্থিতিতে তথ্য কমিশন এ নির্দেশ দেন।তথ্য কমিশন সূত্র জানায়, কমিশনে গতকাল ১০টি অভিযোগের শুনানি হয়। শুনানিকালে তিনটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। পাঁচটি অভিযোগের সমাধান করা হয়েছে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তথ্য প্রদানের নির্দেশের মধ্য দিয়ে। অভিযোগকারী অথবা অভিযুক্ত কর্মকর্তা উপস্থিত না হওয়ায় অপর দুটি অভিযোগের কোনো সুরাহা হয়নি। নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে আবার কমিশনে ডাকা হবে।তথ্য অধিকার আইন, ২০০৯-এর ৮(১) ধারা অনুযায়ী, প্রথম আলোর এ প্রতিবেদক গত ১৩ ফেব্রুয়ারি অর্পিত সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে ঢাকার সাভার ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ইটভাটাসংক্রান্ত তথ্য জানতে চেয়ে ১৬ ফেব্রুয়ারি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদন করেন। কিন্তু ২০ কার্যদিবস পার হওয়ার পরও এসব দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তথ্য না পেয়ে নিয়ম অনুযায়ী আপিল কর্তৃপক্ষ ঢাকার জেলা প্রশাসক মহিবুল আলমের কাছে আবেদন করেন এ প্রতিবেদক। এর পরও তথ্য না পেয়ে ২৫ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ধামরাই ইউএনও জহিরুল ইসলামসহ সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ ও ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান এবং অভিযোগকারী প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায়কে তথ্য কমিশনে ডেকে পাঠানো হয়। গতকাল বেলা ১১টায় উভয় পক্ষের উপস্থিতিতে তথ্য কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য কমিশনার মোহামঞ্চদ জমির, তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম ও মোহামঞ্চদ আবু তাহের বাদী এবং বিবাদীপক্ষের উপস্থিতিতে এ শুনানি হয়। প্রায় ঘণ্টাব্যাপী শুনানিকালে আংশিক তথ্য প্রদান করায় সাভার ও ধামরাই উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ২৫ জুলাইয়ের মধ্যে বাকি তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।আর কমিশনে অভিযোগ দায়েরের পর তথ্য সরবরাহ করায় ধামরাই ইউএনওর বিরুদ্ধে আনীত অভিযোগের নিষ্পত্তি করা হয়। অন্যদিকে অভিযোগকারী বান্দরবান সদর উপজেলার উজানীপাড়া গ্রামের চবাথুই মারমা ও অভিযুক্ত সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হয়নি দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবীরের অভিযোগেরও। তিনি গত ২৯ জানুয়ারি ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অর্থবছরে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসা-সরঞ্জাম ক্রয়সংক্রান্ত তথ্য চেয়ে জেলা সিভিল সার্জনের দপ্তরে আবেদন করেছিলেন। তথ্য না পেয়ে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করে ব্যর্থ হয়ে তিনি ১৯ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করেন। কিন্তু গতকাল শুনানির দিনে বিবাদী হাজির না হওয়ায় অভিযোগটির কোনো নিষ্পত্তি হয়নি। শুনানি শেষে তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে অবগত নন। এ কারণে জনসাধারণ তথ্য চেয়ে আবেদন করেও চাহিদামতো তথ্য পাচ্ছেন না। তবে তথ্য প্রদানের প্রবণতা আগের চেয়ে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।