তথ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তাকে গতকাল রোববার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মতিউর রহমানকে প্রধান ও প্রক্টর শাহীনুর রহমানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মোহাম্মদ আলী অভিযোগে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (গ্রেড-২) শাহীন সর্দার ও রাফিউল হাসান এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুজ্জামান ও শাহীন বেগ—এই চার ব্যক্তি বেলা সাড়ে ১২টার দিকে তাঁর কক্ষে ঢুকে কিছু টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চার ব্যক্তি চেয়ার তুলে তথ্য কর্মকর্তাকে আঘাত করেন। টেবিলের ফাইলপত্র ছুড়ে ফেলেন। এ সময় মোহাম্মদ আলীর হাতের একটি আঙুল জখম হয়। আহত অবস্থায় তাঁকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেকশন অফিসার শাহীন সর্দার ও রাফিউল হাসান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম বলেন, এ ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনকে আহ্বায়ক ও প্রক্টর শাহীনুর রহমানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এই তদন্ত দল আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।