তথ্য কার্যালয়ের কার্যক্রমে শ্রমমন্ত্রীর অসন্তোষ
নরসিংদী জেলা তথ্য কার্যালয়ের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। গত শুক্রবার বিকেলে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে ‘বর্তমান সরকারের সাফল্য ও দিন বদলের সনদ: ভিশন ২০২১’ শীর্ষক আলোচনা সভায় অসন্তোষের কথা প্রকাশ করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার চার বছরে জেলা তথ্য কার্যালয় নামের কোনো সরকারি প্রতিষ্ঠান আছে বলে মনে হয় নাই। কারণ, জেলায় আমার কোনো কাজকর্মে আপনাদের কার্যক্রম তো দূরের কথা, উপস্থিতিও আমি পাই নাই। সেহেতু আমার জেলার জনগণ আপনাদের মাধ্যমে আর কতটুকু সুবিধা ভোগ করে, তা আমার ধারণা হয়ে গেছে।’ মন্ত্রী আরও বলেন, ‘গত চার বছরে আজ এই একটি মাত্র কার্যক্রম আমার চোখে পড়ল। ফাঁকিবাজি রাখেন। বর্তমান সরকার দেশের কল্যাণে বড় ধরনের যেসব কার্যক্রম করেছে, তা জনগণের কাছে পৌঁছে দেন।’পরে মন্ত্রী রায়পুরাসহ গত চার বছরে সারা দেশে তাঁর কার্যক্রমের একটি তালিকা তুলে ধরেন। রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ভূঞা, সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা তথ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানজিদা আমীন।