তথ্য গোপন করে ডাকাতি মামলার আসামির জামিন
আদালতে তথ্য গোপন করে জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গেছেন এক আসামি। তাঁর নাম রিয়াজউদ্দিন চৌধুরী। গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গত বছরের ৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২৮ ডিসেম্বর তাঁর পক্ষে করা জামিন আবেদনে ডাকাতির মামলাকে চুরির মামলা হিসেবে আদালতের কাছে উপস্থাপন করা হয়। জামিন পেয়ে পরদিন কারাগার থেকে বেরিয়ে যান আসামি। র্যাব-পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিনের (এখন কারাগারে) ছোট ভাই রিয়াজ।
জালিয়াতির এ ঘটনা ১৫ জানুয়ারি আদালতের নজরে আসে। ওই দিনই আদালত আসামির আইনজীবীর কাছে কারণ ব্যাখ্যা চান। জামিন আবেদন করা আইনজীবী গত বৃহস্পতিবার বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে আদালতে লিখিত জবাব দেন। পরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান আসামি রিয়াজের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের ভগ্নিপতি গোলাম কিবরিয়া দুবাই থেকে তাঁর দোকানের কর্মচারী রিয়াজউদ্দিন চৌধুরীর মাধ্যমে স্বর্ণালংকার, ল্যাপটপ, আইফোনসহ বিভিন্ন মালামাল পাঠান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালামালগুলো নিয়ে রিয়াজ ও মামুন হাটহাজারীর উদ্দেশে রওনা দেন। পথে বন্দর থানার একটি রেস্টুরেন্টে থামেন তাঁরা। এ সময় দোকানে ঢুকে ছয়-সাতজন যুবক নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে তাঁদের কাছে অবৈধ মালামাল আছে দাবি করেন। পরে দুজনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। মালামালগুলো নিয়ে তাঁদের হালিশহর এলাকায় নামিয়ে দেন। এ ঘটনায় আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ২ ডিসেম্বর বন্দর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে চুরির মামলা করেন।