তথ্য গোপন করে রিট করায় লাখ টাকা জরিমানা
রিট খারিজ হওয়ার তথ্য গোপন করে আবার রিট আবেদন করায় মো. আবদুল আলীম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত।
গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নথিপত্রে দেখা যায়, দুদক কমলাপুর আইসিটি কনটেইনার ডিপো সুপার মো. আবদুল আলীম ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে তাঁদের ব্যাংক হিসাব, আয়কর নথি ও সম্পদ হিসাব বিবরণী দিতে গত ৩ আগস্ট নোটিশ দেয়। এর আগে ২০০৯ সালের ১২ এপ্রিল দুদক নোটিশ দিয়ে চলমান অনুসন্ধানে সহায়তা করতে বলে তাঁদের ১৪ এপ্রিল দুদকে হাজির হতে বলে।
আইনজীবী সূত্রে জানা যায়, তাঁরা হাজির না হয়ে ওই দুই নোটিশ চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিট আবেদন করেন। তিনটির মধ্যে দুটি রিট হাইকোর্টের অপর একটি বেঞ্চে উত্থাপিত হয়নি বলে খারিজ হয়। অপর রিটটি হাইকোর্টের এই বেঞ্চে গত সপ্তাহে সরাসরি খারিজ হয়।
গতকাল আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। পরে শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সর্বশেষ রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে দেখা যায়, এতে আগের সব তথ্য গোপন করা হয়েছে। এটি আদালতের নজরে এলে তা খারিজ করে আবেদনকারী আলীমকে এক লাখ টাকা জরিমানা করেন। সাত দিনের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।