তথ্য গোপনের দায়ে সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ের পর কারাগারে নেওয়া হয় সাংসদ আবদুর রহমান বদিকে
রায়ের পর কারাগারে নেওয়া হয় সাংসদ আবদুর রহমান বদিকে

সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এ রায় দেন। রায়ে আবদুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। জামিনে থাকা আবদুর রহমান বদি রায় ঘোষণার সময় তাঁর আইনজীবীসহ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির রাতে প্রথম আলোকে বলেন, সাংসদ বদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সাংসদ হলেও কারাদণ্ড হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি ডিভিশন সুবিধা পাবেন না।

২০১৪ সালে এ মামলায় বদি ১৮ দিন কারাগারে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির নাম আছে ১ নম্বরে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এ তালিকা করা হয়। একই বছরের ডিসেম্বরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আরেকটি তদন্ত হয়। তাতে সাংসদের আট আত্মীয়কে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও সাংসদ বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ওই তালিকায় তাঁর ১৭ জন আত্মীয়ের নাম আছে। আর রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারীদের তালিকায়ও তিনি আছেন ১ নম্বরে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৩ সালের অক্টোবরে এ তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল।

জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, আইন ও সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে আদালত সাজা দিয়েছেন। এতে করে কে সাংসদ বা পৃথক ব্যক্তি এটা কথা না। এখন তাঁর সাংসদ পদের কী হবে এটি নির্ভর করছে আপিল করার ওপর। সাজার বিরুদ্ধে তিনি আপিল করার সুযোগ পাবেন। যদি আপিল করেন, তাহলে সাজা স্থগিত হতে পারে। তাহলে তো এর কার্যকারিতা আসল না। আপিল যদি শেষ পর্যন্ত টিকে যায়, তাহলে তাঁর সাজাই থাকবে না। তাহলে সাংসদ পদ থাকবে এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। যদি শেষ পর্যন্ত আপিল না টেকে তাহলে তাঁর সাজা বহাল থাকবে এবং তাঁকে সাজা ভোগ করতে হবে। অন্যূন দুই বছর হলে এই সাজা খাটার পাঁচ বছরের মধ্যে তিনি নির্বাচন করতে পারবেন না। বর্তমান সাংসদ পদও বাতিল হবে।

গতকাল আদালত রায়ে বলেন, আসামি আবদুর রহমান ২০১৩ সালের ৩০ জুন তাঁর আয়কর বিবরণীতে ৯ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৬৫ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। আর নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে ১০ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ৭২৩ টাকার সম্পদ বিবরণীর হিসাব দাখিল করেন। দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২০ মার্চ দুদকে তাঁর নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর ৫ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ২৭৮ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে ৩ কোটি ৮৪ লাখ ৯ হাজার ২৮৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি।

রায়ে আরও বলা হয়, গোপন করা সম্পদ অবৈধ ও অসাধু পন্থায় আবদুর রহমান তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ উৎস হতে অর্জন করেছেন, তা প্রমাণে ব্যর্থ হয়েছে দুদক। তাই তাঁকে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারার অভিযোগ থেকে খালাস দেওয়া হলো।

আদালত রায় ঘোষণাকালে বলেন, আবদুর রহমান তাঁর নিজের সম্পদের তথ্য কেন গোপন করলেন, তা আদালতের কাছে বোধগম্য নয়। তা তিনিই বলতে পারেন।

রায়ে বলা হয়, আবদুর রহমান নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তাই তাঁকে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হলো। অনাদায়ে আরও তিন মাসের সাজা খাটতে হবে।

রায়ের পর দুদকের আইনজীবী মাহমুদ হোসেন বলেন, কমিশনে দেওয়া বিবরণীতে ৩ কোটি ৮৪ লাখ ৯ হাজার ২৮৬ টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থেকে খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আপিল করার বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে।

আবদুর রহমানের আইনজীবী নাসরিন সিদ্দিকা রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এই রায়কে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে, আপিল প্রক্রিয়ায় তা কী রূপ নেয়। একটি দৃষ্টান্ত স্থাপন হলো, অবস্থান বা পরিচয় যাই হোক না কেন, অপরাধীকে বিচারের আওতায় আনা সম্ভব। এটি যদি চূড়ান্ত পর্যায়ে বজায় থাকে, তাহলে বিচারহীনতাকে চ্যালেঞ্জ করার একটি বার্তা হিসেবে তা বিবেচিত হতে পারে। অন্যদিকে, তাঁর বৈধ সূত্রের সঙ্গে অসাম্যঞ্জসপূর্ণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ থেকে খালাস পাওয়ার দিকটি দুদক বিবেচনা করে দেখতে পারে।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট এ মামলা করে দুদক। এজাহারে বলা হয়, আবদুর রহমান জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে তিনি কম মূল্যে সম্পদ কেনা দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন। গত বছরের ৭ মে দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ও ২৬(২) ধারায় এই মামলায় অভিযোগপত্র দেয়। গত বছরের ৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ১৯ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।

এ মামলায় ২০১৪ সালের ১২ অক্টোবর উখিয়া-টেকনাফ আসনের সাংসদ বদি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩০ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান।

অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে ২০১৪ সালের ২২ জানুয়ারি দুদকের এক বৈঠকে সাংসদ বদির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর প্রায় আট মাস পর ওই বছরের ২১ আগস্ট তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।