তথ্য গোপন করায় হাইকোর্টে চারজনের জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আবারও জামিন নেওয়ার ঘটনা ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় চার আসামির জামিন বাতিল করেছেন। এ নিয়ে গত আট দিনের ব্যবধানে উচ্চ আদালতে তথ্য গোপন করে জামিন নেওয়ার দুটি ঘটনা উদ্ঘাটিত হলো।গতকাল আদালত আইনজীবীকে ভর্ত্সনা দিয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি নোয়াখালীর কবিরহাটের শাহাবুদ্দিন আহমেদ, আলাউদ্দিন আহমেদ, বিবি ফাতিমা ও মো. হানিফের জামিন বাতিল করেন আদালত। এ প্রেক্ষাপটে চার আসামিকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।ঘটনার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার আসামিরা হাইকোর্টে জামিন প্রার্থনা করেন। গত ২৩ জুলাই বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন বেঞ্চ চার আসামিকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে তাঁরা বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে আবার হাইকোর্টের অপর একটি বেঞ্চে জামিনের আবেদন জানান। এতে আসামিরা হাইকোর্টের আগের দেওয়া আদেশের তথ্য গোপন করেন। তবে গত ১১ নভেম্বর বিচারপতি আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ চারজনের ছয় মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।বিষয়টি মূল মামলার বাদী সিরাজ মাস্টারের পক্ষের কৌঁসুলি মইনুল হায়দার চৌধুরী গতকাল আদালতের দৃষ্টিতে আনেন। তিনি জানান, আসামিরা একবার হাইকোর্টে জামিন প্রার্থনা ও আদালতের আদেশের বিষয় গোপন করে আরেকটি বেঞ্চ থেকে জামিন নেন। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মূল মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।