তথ্য গোপন করে চাকরি দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন করে চাকরি নেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাঁদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এই মর্মে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত করা শিক্ষকেরা হলেন অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষক সুলতান মাহমুদ ও মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক জাহিদ পারভেজ।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষক সুলতান মাহমুদ ২০০৪ সালে ময়মনসিংহ সদরে মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় বরখাস্ত হন। পরে তিনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়ার তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। অপরদিকে ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক জাহিদ পারভেজের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনি জামালপুরে মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় ২০১২ সালে বরখাস্ত হওয়ার পর তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
এসব ঘটনায় অভিযুক্ত ওই দুই শিক্ষককে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ও শৃঙ্খলা বিধানের ২(চ) ও ৩(২) ধারা অনুযায়ী নৈতিক স্খলন, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ ২৮ মে থেকে কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিজেন্ট বোর্ডের ৪০তম সভার সিদ্ধান্ত মোতাবেক ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য শিক্ষক জাহিদ পারভেজের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তবে অপর শিক্ষক সুলতান মাহমুদ এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তিনি নির্ধারিত সময়ে নোটিশের জবাব দেবেন বলে জানান।