তথ্য গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম তথ্য গোপন করে চাকরি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের কাছে লিখিতভাবে এই অভিযোগ করেছেন অভিভাবক প্রতিনিধিরা।সূত্র জানায়, অধ্যক্ষ আবদুর রহিম ১৯৯৭ সালের ২০ আগস্ট মানিকগঞ্জের হরিরামপুর থানার এম এ রউফ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ২০০৫ সালের মে মাসে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়াও কলেজের এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এ ছাড়া হরিরামপুর থানার পুলিশ আরেকটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এই মামলাটি মানিকগঞ্জের আদালতে বিচারাধীন। তিনি এসব তথ্য গোপন করে ২০১০ সালে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি আবদুল বাতেন বলেন, আবদুর রহিম এম এ রউফ কলেজ থেকে বহিষ্কৃত শিক্ষক। তিনি এসব তথ্য গোপন করে এই কলেজে চাকরি নিয়েছেন।এম এ রউফ কলেজের অধ্যক্ষ কৃপেষ মালাকার মুঠোফোনে বলেন, ‘আবদুর রহিম আমাদের কলেজ থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষক। তাঁর বিরুদ্ধে দুটি মামলা আছে। মামলাগুলো বিচারাধীন।’ অধ্যক্ষ আবদুর রহিম মামলা থাকার কথা স্বীকার করে বলেন, মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আগের কলেজের ছাড়পত্র কিংবা পদত্যাগপত্র আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সবই আছে, তবে পরে দেখানো হবে। বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ২২ ডিসেম্বর পর্যন্ত আবদুর রহিমকে সময় দিয়েছেন। এর মধ্যে তিনি যদি কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে তিনি চলে যাবেন।