তথ্য গোপন করে চেয়ারম্যান!
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনের সময় হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের রৌহদহ গ্রামের শামছুর রহমানের ছেলে মো. শাহজাহান আলী। তিনি ২০০৮ সালের জানুয়ারিতে অতিরিক্ত কর কমিশনার হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন। কিন্তু চাকরিকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সাতটি বিভাগীয় মামলা হওয়ায় তিনি অবসরকালীন কোনো সুবিধা পাননি। এরপর তিনি সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তিনি নির্বাচনের সময় হলফনামায় সাতটি দুর্নীতির মামলার বিবরণী উল্লেখ করেননি। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, মো. শাহজাহান আলী ঢাকায় উপ-কর কমিশনার পদে চাকরিকালে ১৯৯০-৯১ কর বর্ষে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় কোটি টাকা রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করেছেন। এ ব্যাপারে ২০০৪ সালের ৩০ মে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক নূর হোসেন খান বাদী হয়ে রমনা থানায় সাতটি মামলা করেন। এর মধ্যে চারটি মামলার বিবরণ অনুযায়ী তিনি সরকারকে প্রায় ৮৬ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব বঞ্চিত করে নিজে আর্থিকভাবে লাভবান হয়েছেন। রমনা থানায় করা ১০৭ নম্বর মামলায় বলা হয়েছে, মো. শাহজাহান আলীর সহায়তায় নারায়ণগঞ্জের কাননবালা পোদ্দার পুরান করদাতা সেজে এক কোটি চার লাখ ৫০ হাজার টাকার ভুয়া দানপত্র দেখিয়ে সরকারের ৩২ লাখ ২৩ হাজার ৭০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। একইভাবে ১০৪ নম্বর মামলায় নারায়ণগঞ্জের আফছানা বিনতে জামাল ১৪ লাখ ৪৯ হাজার ৬৩০ টাকা, ১০৫ নম্বর মামলায় নারায়ণগঞ্জের ফিরোজা বেগম ২৫ লাখ দুই হাজার ৮০০ টাকা এবং ১১০ নম্বর মামলায় নারায়ণগঞ্জের মিসেস নুসরাত জাহান ১৪ লাখ ৪৯ হাজার ৬৩০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। অন্য তিনটি মামলার নথিপত্র হাতে না পাওয়ায় সঠিক তথ্য তুলে ধরা সম্ভব হয়নি।দুর্নীতি দমন ব্যুরোর নথিপত্র সূত্রে জানা গেছে, তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১০ সালের অক্টোবর সাতটি মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে যাঁদের যোগসাজসে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে তাঁদেরও আসামি করা হয়েছে। আসামিদের পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের প্রার্থনা করা হয়েছে। কিন্তু সেই প্রার্থনা এখনো বাস্তবায়ন হয়নি। সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘আমি নির্বাচনের সময় হলফনামায় কোনো তথ্য গোপন করিনি। আমার বিরুদ্ধে সাতটি মামলা দায়েরের কথা নির্বাচনের আগে জানা ছিল না।’বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ সরদার বলেন, ‘কেউ তথ্য গোপন করে নির্বাচন করে থাকলে প্রতিপক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে আদালতে মামলা করতে পারেন। আদালত আইনগত ব্যবস্থা নেবেন।’