তথ্য গোপন করে ছিনতাই চক্রের পাঁচজনের জামিন
আদালতের কাছে তথ্য গোপন করে গাড়ি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় করা তিনটি মামলার পাঁচ আসামি জামিন নিয়ে বেরিয়ে গেছেন। উত্তরা পূর্ব থানার মামলা তিনটির নথিপত্র অনুযায়ী, তাঁরা গাড়ি চুরি ও ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্রের সদস্য।
স্বীকরোক্তিমূলক জবানবন্দি ও তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গাড়ি উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার হওয়ার কথা গোপন করে এসব আসামি গত বছরের জুলাই-সেপ্টেম্বরে ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর হাকিম আদালত থেকে জামিন পান। তাঁদের নজির উল্লেখ করে এসব মামলার আরেক আসামি জাকির হোসেন গত ২৩ ডিসেম্বর জামিনের আবেদন করলে তথ্য গোপনের বিষয়টি আদালতের নজরে আসে। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত জাকির হোসেনের জামিনের আবেদন নাকচ করে দেন।
মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২৪ মার্চ রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইয়ের শিকার হন মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ শাহাবুদ্দিন। এ সময় তিনি ভাড়া করা একটি মাইক্রোবাসে করে উত্তরা থেকে শাহবাগের দিকে আসছিলেন। পথে আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামান এবং সহকারী জজের ল্যাপটপ, মুঠোফোন ও ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে যান। এ ঘটনায় ওই দিনই তিনি উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। তাতে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়। পরে এ মামলায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দির সূত্র ধরে পরে বাকি আসামি আলমগীর হোসেন, জাকির হোসেন, এনামুল হক, আসাদুজ্জামান, আশরাফুল হক, ওয়াসিম মিয়া ও আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও দুই আসামি জাকির ও এনামুল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
তিনজনের পৃথক জবানবন্দিতে সহকারী জজের মালামাল ছিনতাই করা ছাড়াও একই এলাকায় আরও কয়েকটি ছিনতাই ও চুরির কথা স্বীকার করেন। এর মধ্যে টেক্সিক্যাব থামিয়ে চিকিৎসক মাহমুদুর রহমানের কাছ থেকে ৮২ হাজার টাকা ছিনতাই ও উত্তরা পশ্চিম থানার বাসিন্দা আজাদ হোসেন ভূঁইয়ার মাইক্রোবাস চুরি অন্যতম। আসামিদের মধ্যে শরিফুল ইসলাম ও আসাদুজ্জামান তথ্য গোপন করে জামিনের আবেদন করেন। তাঁরা গত বছরের ৩০ জুলাই মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। এরপর একই কায়দায় সহ-আসামির শর্তে মহানগর হাকিম আদালত থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে জামিন পান আসামি আশরাফুল হক, ওয়াসিম মিয়া ও আশিকুর রহমান।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) তাহেরা বানু প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় এসব আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এমনকি আসামিদের দেওয়া তথ্য মোতাবেক চোরাই গাড়িটি উদ্ধার করে ডিবি। কিন্তু এসব বিষয় গোপন করে মহানগর দায়রা জজ আদালত থেকে প্রথম জামিন নেন দুই আসামি। এরপর বাকি জামিন পান হাকিম আদালত থেকে। বিষয়টি সম্প্রতি আদালতের নজরে এসেছে। পাঁচজনের জামিন বাতিলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।