তথ্য গোপন করে দুই কোটি টাকার জমি বন্দোবস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে জেলা পরিষদের দুই কোটি টাকার জমি তথ্য গোপন করে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্রেতার কাছ থেকে উৎকোচ নিয়ে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এ ব্যাপারে ১৮ অক্টোবর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর মৌজার ২ নম্বর খতিয়ানের ২৭৯ নম্বর দাগে জেলা পরিষদের শূন্য দশমিক ২১ একর জমি আছে। এর মধ্যে শূন্য দশমিক শূন্য আট একর জমি গত ২৫ আগস্ট পাইলগাঁও ইউনিয়নের ভুদরপুর গ্রামের সুন্দর আলীকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে তথ্য গোপন করে স্থায়ী ভবনের জায়গাকে ফাঁকা দেখানো হয়েছে। এ ছাড়া সুন্দর আলী জগন্নাথপুর পৌরসভার নাগরিক না হলেও তাঁকে এ পৌরসভার নাগরিক দেখানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, জেলা পরিষদের ওই জমিতে একটি টিনশেড ভবন আছে। এক বছর আগেও সেখানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ছিল। বন্দোবস্ত পাওয়ার পর সুন্দর আলী গত মঙ্গলবার জেলা পরিষদের ওই ভবনের দখল বুঝে নেন এবং ভবনের বারান্দা অপসারণ করে নতুন স্থাপনা নির্মাণ শুরু করেন।সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা জ্যোতিন্দ্র নারায়ণ চৌধুরী বলেন, ‘জেলা পরিষদের ওই জমি বন্দোবস্ত দেওয়া হলেও আমরা তাদের এখনো দখল বুঝিয়ে দিইনি। বন্দোবস্ত পাওয়া লোকজন নিজেরাই দখল নিয়ে নিয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’সুন্দর আলী দাবি করেন, তিনি জগন্নাথপুর পৌরসভার নাগরিক এবং এ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাসবাস করেন। তথ্য গোপন করে জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি বিধি মোতাবেক বন্দোবস্ত নিয়েছি।’জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আতিয়ার রহমান উৎকোচ নিয়ে জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা খালি জায়গা বিধি মোতাবেক বন্দোবস্ত দিয়েছি। কাউকে ভবন বন্দোবস্ত দিইনি। সরেজমিনে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুল আলম বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।