তথ্য গোপন মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান চালানো বাড়িটির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ভাড়াটের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল বুধবার মিরপুর থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় পলাতক আসামি তাজ মঞ্জিল নামের (স্থানীয়ভাবে জাহাজ বিল্ডিং নামে পরিচিত) বাড়িটির মালিক হাজি মোহাম্মদ আতাহার উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার অপর আসামিরা হলেন বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তাঁদের সঙ্গী তৌফিক, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৬ জুলাই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাহাজ বিল্ডিংয়ে অভিযান চালাতে চাইলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। ওই বাড়ির পাঁচতলার ভাড়াটে যুবকেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশ পাল্টা গুলি করে। এ সময় এক জঙ্গি পালানোর চেষ্টা করে গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে নয়জন জঙ্গি নিহত হন। পাঁচতলার ওই কক্ষ থেকে বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনার পর বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ পলাতক আছেন। আসামিরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে পুলিশের কাজে বাধা এবং জঙ্গিদের আশ্রয় দেওয়াসহ পুলিশের কাছে তথ্য গোপন করেন।
পুলিশের কাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগে ১ আগস্ট মিরপুর থানা-পুলিশ এ মামলা করে। মিরপুর থানা-পুলিশ তদন্ত শেষে ২৩ নভেম্বর অভিযোগপত্র প্রস্তুত করে।