তথ্য গোপনের অভিযোগ এনে তিনটি আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ, কচুয়া ও হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে তাঁদের প্রার্থিতা বাতিলের জন্য পৃথক আপিল করেছেন অন্য দুই মেয়র প্রার্থী এবং প্রার্থিতা বাতিল হওয়া একজন। আজ বুধবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। এ সব অভিযোগ নিয়ে ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টা ১০ মিনিটে শুনানির দিন ধার্য করা হয়েছে।

হাজীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আবদুল মান্নান খান বাচ্চুর বিরুদ্ধে একই দলের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মিয়াজী তথ্য গোপনের অভিযোগ এনে এই আপিল করেছেন।

এদিকে কচুয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছেন একই পৌরসভার মনোনয়ন বাতিল হওয়া দলের বিদ্রোহী প্রার্থী কচুয়ার সাবেক ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল। এতে তিনি স্বপনের বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য, পূর্বের মামলার বিবরণ না দেওয়া, নির্ভরশীলদের বিবরণ না দেওয়া ও পেশা বা আয়ের উৎস ব্যবসা দেওয়া হলেও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি বলে উল্লেখ করেন। এর আগে তথ্য গোপন করার দায়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আশরাফ হোসেন আহসান হাবীব প্রাঞ্জলের মনোনয়ন বাতিল করেন।

অন্যদিকে ফরিদগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মঞ্জিল হোসেনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুল হক।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এসব অভিযোগের কথা স্বীকার করে বলেন, প্রতিপক্ষের আপিল জেলা প্রশাসক অভিযোগ হিসেবে আমলে নিয়ে ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টা ১০ মিনিটে শুনানির সময় ধার্য করেছেন।