তথ্য গোপনের দায়ে বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপির এক নেতা ও বর্তমান কাউন্সিলর হুমায়ন কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের সময় তিনটি মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। হুমায়ন কবির বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এবার অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। ইউএনও মো. আবুল কালাম আজাদ জানান, পটুয়াখালী সদর থানাসহ বিভিন্ন থানায় হওয়া মামলার তথ্য গোপন করায় বিএনপি হুমায়ন কবিরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বাছাই শেষে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত তিন নারী কাউন্সিলর পদে ১৪ জন ও নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে নির্বাচন হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা পাঁচ মেয়র প্রার্থী হলেন মো. নিজাম উদ্দিন খান (বিএনপির বিদ্রোহী), কাজী ফরিদুজ্জামান টিপু (বিএনপি-সমর্থিত), মো. জিয়াউল হক জুয়েল (আওয়ামী লীগের বিদ্রোহী), গোলাম কিবরিয়া পান্নু (আওয়ামী লীগ সমর্থিত), মো. শফিকুর রহমান শিমুল (বিএনপির বিদ্রোহী)।