তথ্য গোপনের মানসিকতা পরিবর্তন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণকে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তথ্য গোপন করার মানসিকতা পরিবর্তন করা না গেলে তথ্য অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।গতকাল মঙ্গলবার ‘তথ্য অধিকার কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রচারমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বক্তারা বলেন, তথ্য অধিকার শুধু একটি আইন নয়, এটি দেশের ১৬ কোটি মানুষের অধিকার। জনগণকে বুঝতে হবে, তথ্য জানা তাদের অধিকার এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করা হয়েছে। ইউএসএআইডির সহায়তায় তথ্য কমিশনে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ছয় হাজার ৮৭০ জন তথ্য কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত আছেন। এর বিপরীতে মাত্র ৩৩০টি বেসরকারি সংস্থায় এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি যেসব প্রতিষ্ঠান এখনো তথ্য কর্মকর্তা নিয়োগ করেনি, তাদের লাইসেন্স বাতিলের কথা উঠেছে।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, ‘সরকারি অনেক প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের ধারা (৭)-এর অজুহাতে তথ্য দেয়নি বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। জাতীয় স্বার্থের অজুহাতে যেন আইনের অপব্যবহার করা না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’সভায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনার মো. আবু তাহের, কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির। সমাপনী বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক শাহাব এনাম খান।