তথ্য গোপনের মামলায় তাহমিদ খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তদন্তে তথ্য না দেওয়ার মামলায় খালাস পেয়েছেন তাহমিদ হাসিব খান।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল আহসান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি তাহমিদ আদালতে উপস্থিত ছিলেন।

তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে রাজধানীর ভাটারা থানায় মামলা (নন-প্রসিকিউশন মামলা) হয়।

গত ১০ জানুয়ারি এই মামলার বিচার শুরু হয়।

গত বছরের ১ জুলাই রাতে জঙ্গিরা হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। তার আগে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

পরদিন সকালে সেনা অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। অভিযানের পরে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ ছিলেন।

হলি আর্টিজানে হামলার ঘটনায় গত বছরের ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেপ্তার করা হয়। গত ৩ অক্টোবর তাঁকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তথ্য গোপনের অভিযোগের মামলাটি চলে। আজ এই মামলার রায়ে খালাস পেলেন তিনি।