তথ্য গোপনের সংস্কৃতি পাল্টাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন সম্পর্কে না জানার কারণেই সরকারি কর্তাব্যক্তিরা তথ্য সরবরাহ নিয়ে বিভিন্ন অজুহাত দেখান। তথ্য গোপন করার দীর্ঘদিনের অভ্যাসও এ ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই তথ্য গোপনীয়তার সংস্কৃতি পাল্টাতে হবে। কেননা, উন্মুক্ত সংস্কৃতির চর্চা তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নের জন্য অপরিহার্য। গতকাল বৃহস্পতিবার এলজিইডি মিলনায়তনে তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। তথ্য কমিশন ও ‘আর্টিকেল ১৯ বাংলাদেশ’ নামক আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে নগরের এলজিইডি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ৭৫ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালায় অংশগ্রহণকারীরা তথ্য দেওয়ার পর গণমাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হলে বা কর্তৃপক্ষ যদি তথ্য দিতে বাধার সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ নেয়, তখন করণীয় ও আইনের প্রতিকার সম্পর্কে জানতে চান।কর্মশালার সমাপনী পর্বে তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তারা সত্য গোপন করবেন না। আমার করের টাকা কোথায় খরচ করা হচ্ছে, তা জানার অধিকার সাধারণ মানুষের আছে।ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোনো কোনো ব্যক্তি বলেন, মন্ত্রণালয় থেকে কাউকে তথ্য দেবেন না। এটা কি মগের মুল্লুক নাকি? আইন করবেন কিন্তু তথ্য দেবেন না? কত বড় সাহস!’দেশে দুর্নীতি মহামারির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, টিআইবির প্রতিবেদন দিয়ে দুর্নীতি বুঝতে হয় না। দুর্নীতি সব জায়গায় আছে।রাজনৈতিক রেষারেষি সম্পর্কে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা ছাড়লে পরবর্তী সরকার এসে সব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবে, এটা রেওয়াজে পরিণত হয়েছে। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির বলেন, সুশাসনের প্রয়োজনেই তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে।তথ্যসচিব হেদায়েতউল্লা আল মামুন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা করতে হবে। তবে এটি একটি বড় চ্যালেঞ্জ। কেননা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তনে সময় লাগবে।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, জনগণের রায়ে সরকার নির্বাচিত হয় এবং জনগণের করের টাকায় সরকার চলে। তাই জনগণের চাহিদামতো তথ্য দিতে সরকার বাধ্য।কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আর্টিকেল ১৯ বাংলাদেশের দেশীয় পরিচালক তাহমিনা রহমান বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে তাঁদের মধ্যে এখনো তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক ও সুষ্ঠু ব্যবহার নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।দিনব্যাপী কর্মশালার বিভিন্ন পর্বে তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনার এম এ তাহের প্রমুখ বক্তব্য দেন।