পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে তথ্য পাওয়ার পর ভারতকে তদন্তকাজে বাংলাদেশ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
গত বৃহস্পতিবার খাগড়াগড়ের একটি দোতলা ভবনে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ দাবি করেছে, নিহত দুই ব্যক্তি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য।
বর্ধমান জেলার খাগড়াগড়ের বিস্ফোরণস্থলের কাছে গতকাল বুধবার জঙ্গিদের একটি অস্ত্র তৈরির কারখানা ও দুটি আস্তানার সন্ধান পেয়েছে বলে পশ্চিমবঙ্গের পুলিশ দাবি করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের ব্যাপারে আজ (গতকাল বুধবার) ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানতে চেয়েছি। বিস্ফোরণের তদন্তকাজে সব ধরনের সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও জানানো হয়েছে।’
এর আগে গতকাল দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বর্ধমানে বিস্ফোরণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানার পর সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিস্ফোরণ-কাণ্ড: পশ্চিমবঙ্গের সিআইডির কর্মকর্তারা দাবি করেছেন, নিহত দুজনের নাম শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল। তাঁরা বাংলাদেশের জেএমবির সদস্য। তাঁরা বোমা তৈরির পর তা বাংলাদেশে পাঠাতেন।
বিস্ফোরণে আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁর নাম আবদুল হাকিম। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিলের স্ত্রী রাজিয়া বিবি, আহত আবদুল হাকিম ও তাঁর স্ত্রী আলিমা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসেম মোল্লা নামে একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে সিআইডি। এঁদের মধ্যে রাজিয়া ও আলিমাকে গত রাতে কলকাতায় সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
বোমা বানানোর সঙ্গে যুক্ত সন্দেহে আরও তিনজনকে খুঁজছে পুলিশ। এঁরা হলেন কাওছার, রফিকুল ও এক মাদ্রাসাশিক্ষক আবদুল কালাম।
পুলিশ বলছে, কাওসারের বাড়ি বাংলাদেশে। এসব জঙ্গি খাগড়াগড়ের তৃণমূলের নেতা হাসান চৌধুরীর কাছ থেকে চার হাজার ২০০ টাকায় বাড়িটি ভাড়া নিয়েছিলেন। নিচতলায় ছিল তৃণমূলের একটি অফিস। তবে বিস্ফোরণের পর তৃণমূল নেতারা ওই ভবন থেকে তাঁদের সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় ব্যক্তিরা।
পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করছে, তারা আটক দুই নারীকে জেরা করে জানতে পেরেছে যে নিহত দুজন বাংলাদেশের জেএমবির সঙ্গে যুক্ত। তবে এ দুই নারী ভারতীয়। তাঁরা পড়াশোনা করেছেন স্থানীয় মাদ্রাসায়। রাজিয়া বিবি জানান, শাকিলের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁরা বোমা তৈরির বিদ্যা শিখেছেন।
পুলিশ বলছে, শাকিলের মোবাইল ফোনের কললিস্ট দেখে তারা নিশ্চিত হয়েছে যে শাকিল আহমেদ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের বেশ কিছু লোকের সঙ্গে নিয়মিত কথা বলতেন। মুম্বাই, চেন্নাই, কাশ্মীর ও দুবাইতেও তিনি ফোন করেছেন।
বোরকার কারখানার আড়ালে জঙ্গি আস্তানা: বিস্ফোরণের পর পুলিশ ওই বাড়ি থেকে ৩০ রকমের রাসায়নিকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, টাইমার লাগানো আটটি সার্কিট বোর্ড, আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির বক্তব্যসংবলিত প্রচুর আধপোড়া বাংলায় লেখা জিহাদি পোস্টার, ইন্ডিয়ান মুজাহেদিন, আল জিহাদ ও চেচেন জঙ্গিদের সমর্থনে লেখা প্রচারপত্র এবং জিহাদি গানের অডিও ও ভিডিও উদ্ধার করেছে।
পুলিশ বলছে, এই বাড়ির একটি ঘরে
ছিল বোরকা তৈরির কারখানা। বাড়িতে থাকতেন শাকিল, হাকিম, সুবহান মণ্ডল, রাজিয়া, আলিমা এবং তাঁদের দুই শিশুকন্যা। মূলত বোরকার কারখানার অন্তরালে এখানে বোমা তৈরি করা হতো।
কেন্দ্রের সঙ্গে রাজ্যের টানাপোড়েন: এই বিস্ফোরণের তদন্ত নিয়ে রাজ্য ও কেন্দ্র দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। রাজ্য সরকার এ ঘটনার তদন্ত রাজ্যের সিআইডি পুলিশকে দিয়ে শুরু করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এই তদন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থাকে (এনআইএ) দিয়ে করাতে চাইছে।
সিআইডির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী। তবে এনআইএ মনে করছে, বিস্ফোরণের পেছনে সিমি বা ইন্ডিয়ান মুজাহেদিনেরও সংশ্লিষ্টতা থাকতে পারে।
বর্ধমানের বিস্ফোরণে পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছ থেকে তেমন সহযোগিতা না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা বিস্মিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক প্রতিবেদনে কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়েছে, জ্ঞানত অথবা অজ্ঞানত যে কারণেই হোক, রাজ্য পুলিশ অবিবেচকের মতো বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে ফেলেছে। রাজ্য পুলিশ ও প্রশাসন কেন যে এনআইএর সঙ্গে সহযোগিতা করছে না, সেটি বোধগম্য নয়।
এই অসহযোগিতার কারণেই শেষ পর্যন্ত রাজ্য পুলিশের তদন্ত কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা মহলে সংশয় দেখা দিয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে সরকারিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ সরকার অনেক আগেই সন্ত্রাসীদের বিষয়ে ভারতকে সজাগ করে দিয়েছিল। বাংলাদেশ সরকারের ধরপাকড় অভিযান থেকে বাঁচতে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াত-জঙ্গিরা যে ঘাঁটি গাড়ছে, সে বিষয়ে ভারত সরকারকে তারা জানিয়েছিল। দিল্লিও কয়েকবার এ বিষয়ে কলকাতাকে সতর্কবার্তা পাঠিয়েছে বলে সূত্রটি দাবি করেছে।