তথ্য চেয়ে আবেদন কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁর পিএইচডি গবেষণা প্রতিবেদনে ব্যবহারের জন্য কিছু তথ্য চেয়ে আবেদন করেন, কিন্তু চার মাসেও তথ্য পাননি তিনি। টেলিফোনে আলাপকালে তিনি বলেন, আইনটি সাধারণ মানুষের জন্য ভালো হলেও তথ্য পাওয়া খুবই কঠিন। দপ্তরগুলো তথ্য দিতে চায় না।

২০০৯ সালে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর দেখা গেছে, ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার বিধান অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। ফলে দিনে দিনে তথ্য চেয়ে আবেদন করার সংখ্যা কমছে। অপর দিকে বাড়ছে তথ্য না পাওয়ার অভিযোগ।

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিনটি সামনে রেখে বিভিন্ন দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনটি কার্যকর হওয়ার পরের বছর ২০১০ সালে তথ্য চেয়ে আবেদন করা হয় ২৫ হাজার ৪১০টি। কিন্তু এর পরের বছর ২০১১ সালে আবেদন পড়ে ৭ হাজার ৮০৮টি। ২০১২ সালে ১৬ হাজার ৪৭৫, ২০১৩ সালে ১১ হাজার ৭২৭, ২০১৪ সালে ৮ হাজার ৪৪২ এবং ২০১৫ সালে ৬ হাজার ১৮১টি আবেদন জমা পড়ে।

তথ্য কমিশনের নিজস্ব একটি প্রতিবেদনেও তথ্য চাওয়ার আবেদন কমে যাওয়ায় শঙ্কা প্রকাশ করা হয়েছে। তা ছাড়া ওই প্রতিবেদনেই বলা হয়েছে, জনগণ আইনটি ব্যবহার করছে না।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানও মনে করেন, তথ্য পেতে দীর্ঘসূত্রতা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য দিতে অনীহার কারণে এই আইনের যথাযথ সুফল জনগণ পাচ্ছে না। তিনি বলেন, অনেক সময় দেরিতে তথ্য পাওয়া তথ্য না পাওয়ারই সামিল। নানা ধাপ পেরিয়ে যখন ব্যক্তি তথ্য পাচ্ছেন, তখন হয়তো তাঁর কোনো কাজে আসছে না। তা ছাড়া আংশিক ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়।

তথ্য কমিশনের সাবেক কমিশনার সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে মানুষ তথ্য চাইছে না। প্রক্রিয়াটা এমন যে একজন সাধারণ মানুষের পক্ষে তথ্য চেয়ে পাওয়া কঠিন। তা ছাড়া কমিশনের কাছে আসা অভিযোগের ৫৮ শতাংশ নানা ভুলভ্রান্তির কারণে গ্রহণ করা হয় না। ফলে অভিযোগকারী আবার নতুন করে আবেদন করেন না।

তথ্য কমিশন সূত্র জানায়, তথ্য না পাওয়া বা আংশিক ও ভুল তথ্য দেওয়ার কারণে তথ্য কমিশন ২০১৫ সাল পর্যন্ত ১ হাজার ৪৫০টি অভিযোগ আমলে নিয়েছে। অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এর মধ্যে প্রায় ৯০ শতাংশই আবেদন করে তথ্য পাননি। এ ছাড়া অন্যরা ভুল ও আংশিক তথ্য দেওয়ার অভিযোগ করেছেন। এসব অভিযোগের মধ্যে কমিশন ১ হাজার ৪০৩টি অভিযোগ নিষ্পত্তি করেছে। তবে তথ্য না দেওয়ার কারণে মাত্র ১০টি অভিযোগে ১০ জনকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেন ঢাকার বাসিন্দা কমল হাসান। তিনি মোট ছয়টি তথ্য চান। এর মধ্যে পাঁচটি তথ্য দেওয়া হলেও একটি জাহাজের আয়-ব্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটিই দেওয়া হয়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল মজুমদার রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে তথ্য পাননি। এরপর তথ্য কমিশনে আপিল করলে তারাও নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নেয়। কিন্তু তারপরও তিনি তথ্য পাননি।

দিবসটি উপলক্ষে গতকাল এক বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তথ্য অধিকারের উন্নততর বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।