তথ্য চেয়ে আবেদনকারীর সংখ্যা প্রায় ১৮ হাজার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের ব্যবধানে তথ্য চেয়ে সরকারি-বেসরকারি কার্যালয়ে আবেদনের সংখ্যা প্রায় ১৮ হাজার কমে গেছে। ২০১০ সালে আবেদন করেছিলেন ২৫ হাজার ৪১০ জন ব্যক্তি। ২০১১ সালে ওই সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৫৩। প্রকাশিতব্য তথ্য কমিশনের ২০১১ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হতে পারে। ছকে আবেদন করার বিধান না থাকায় মামুলি বিষয়ে অনেকে আবেদন করেছেন। কিন্তু এখন সব তথ্যের জন্য আবেদন করার প্রয়োজন হয় না, কোনো কোনো তথ্য মৌখিকভাবে দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, তথ্য অধিকার আইনের আওতায় সরকারি-বেসরকারি দপ্তরে তথ্য চেয়ে ২০১১ সালে তথ্য পাননি ১৯২ জন আবেদনকারী। তথ্য না পেয়ে কমিশনে দাখিল করা ১০৪টি আবেদনের মধ্যে শুনানি পর্যায়ে ৪৪টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ সালে তথ্য চেয়ে সাত হাজার ১৫৩টি আবেদনের মধ্যে সরকারি দপ্তরে সাত হাজার ১৬টি এবং বেসরকারি দপ্তরে ১৩৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ছয় হাজার ৯৬১টি আবেদনের বিপরীতে তথ্য সরবরাহ করা হয়। আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না পাওয়ায় ১০৪টি অভিযোগ জমা পড়ে তথ্য কমিশনে। অভিযোগগুলো গ্রহণ করে সেখানে শুনানির ভিত্তিতে ৪৪টির নিষ্পত্তি হয়। তথ্য না দেওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই জেলার ফতুল্লা থানার শেখ আলী আহাম্মদ রোগী ভর্তির বিষয়ে তথ্য চেয়ে ওই স্বাস্থ্য কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। সূত্র জানায়, নিয়ম মেনে নির্ধারিত ফরমে আবেদন না করায় তথ্য কমিশনে জমা পড়া ৬০টি অভিযোগ নাকচ করা হয়েছে। এসব আবেদনকারীকে নিয়ম অনুসরণ করে অভিযোগ জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হলে ১৮টি অভিযোগ আবার জমা পড়ে। কমিশন সূত্র জানায়, ২০১১ সালে রাজউক থেকে বিজিএমইএ ভবন নির্মাণসংক্রান্ত তথ্য, সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে বিদেশি জাহাজের পরিবেশ ছাড়পত্রসংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে তথ্য কমিশন। এ ছাড়া খাসজমি, জলমহাল ইজারা, নারী নির্যাতন, আইনশৃঙ্খলা, পরীক্ষার খাতা দেখা, সরকারি বিভিন্ন প্রকল্পের নীতিমালা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ, জমির খতিয়ান, পারিবারিক বিরোধের তথ্য চেয়ে বেশির ভাগ আবেদন পড়েছে সারা দেশে। তথ্য কমিশনের কর্মকর্তারা জানান, তথ্য অধিকার আইনের ৭ ধারা অনুযায়ী ২০টি বিষয়ে সরকার তথ্য দিতে বাধ্য নয়। তথ্য সরবরাহে দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা তথ্য দিতে না চাইলে কৌশলে আবেদনটি ওই ধারায় ফেলছেন। এ কারণে স্থানীয়ভাবে তথ্য না পেয়ে আবেদনকারীরা তথ্য কমিশনে অভিযোগ করেন।তথ্য কমিশনের যাত্রা শুরুর প্রায় তিন বছর পরও আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতাকে তথ্য পাওয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন তথ্য কমিশনার সাদেকা হালিম। প্রথম আলোকে তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে গ্রামের মানুষকে সচেতন করতে হবে। তথ্যের প্রয়োজনীয়তা মানুষকে বোঝাতে হবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানে সরকারি-বেসরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা বেশি।