তথ্য চেয়ে চিঠি দিচ্ছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দলসম্পর্কিত হালনাগাদ তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে। এ বিষয়ে তাগিদ দিয়ে আগামী সপ্তাহে ইসি থেকে দলগুলোকে চিঠি দেওয়া হচ্ছে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলো নিবন্ধন শর্ত সঠিকভাবে পালন করছে কি না, তা জানতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনকাজও চলবে। ৩১ ডিসেম্বরের মধ্যে আগ্রহী দলকে আবেদন করতে হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, দলগুলো নিবন্ধন শর্ত মেনে চলছে কি না, তা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত হতে হলে প্রথমত, স্বাধীনতার পর থেকে যেকোনো নির্বাচনে ন্যূনতম একটি আসন পাওয়া; দ্বিতীয়ত, যেকোনো একটি নির্বাচনে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট আসনে পড়া মোট ভোটের অন্তত ৫ শতাংশ ভোট পাওয়া; এবং তৃতীয়ত, ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা (২১ জেলা) ও ১০০ উপজেলায় অফিস থাকার শর্ত পূরণ করতে হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে দপ্তর ও কমিটি দেখিয়ে যে দলগুলো ২০০৮ সালে নিবন্ধিত হয়েছিল, সেগুলোর বেশির ভাগই ২০০৮ সালের নির্বাচনের পর দপ্তর গুটিয়ে ফেলেছে বলে তথ্য রয়েছে।