তথ্য জানা গণতন্ত্রকে শক্তিশালী করার একটি বড় হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপার্জন ও সাংবিধানিক অধিকার নিয়ে সরকার প্রতারণা করছে কি না, সেটা জানা প্রত্যেক নাগরিকের অধিকার। সরকার কীভাবে চলছে, তা-ও নাগরিককে জানতে হবে। এই জানার অধিকার গণতন্ত্রকে শক্তিশালী করার একটি বড় হাতিয়ার।তথ্য অধিকার আইনের প্রয়োগ প্রসঙ্গে এসব কথা বলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ এশিয়া সামাজিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনের অংশ হিসেবে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন: এনজিও ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।কুলদীপ নায়ার ভারতের রাজস্থানের উদাহরণ দিয়ে বলেন, ‘সেখানে রুনা রায় স্লোগান তুলেছিলেন, “আমি জানব, আমি বাঁচব”। বাংলাদেশের মানুষকেও তথ্যের অধিকার আদায় করতে হবে। সরকারের উচ্চপর্যায়ের লোকজনকে চাপে রাখার জন্য তথ্য অধিকার আইন শক্তিশালী হাতিয়ার।’কুলদীপ নায়ার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য চেয়েও পাননি। যদিও ওই যুদ্ধের ৫০ বছর পার হয়ে গেছে।ভারতের এই প্রবীণ সাংবাদিক আরও বলেন, পুরো দক্ষিণ এশিয়ার জন্যও একটি তথ্য অধিকার আইন দরকার, যাতে এক দেশের নাগরিকেরা প্রয়োজনে অন্য দেশের কাছে তথ্য চাইতে পারে। এটা সম্ভব হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস দূর হবে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন ব্যবহার করে ব্যক্তিগত ও সামাজিকভাবে কীভাবে উপকৃত হওয়া যায়, তা বোঝাতে হবে সাধারণ মানুষকে। একই সঙ্গে ক্ষমতাসীনদের গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কেবল এ আইনের সুফল পাওয়া যাবে।ভারতের ওডিশা (সাবেক উড়িষ্যা) প্রদেশের তথ্য কমিশনার জগদানন্দ বলেন, তথ্য পেতে যিনি আবেদন করবেন, তাঁকে দক্ষ করে তুলতে হবে। ভারতেও আইনটির ব্যবহার ছড়িয়ে দিতে সময় লেগেছে। ভারতে তথ্য না দেওয়ার অপরাধে প্রতিদিনই বহু কর্মকর্তাকে জরিমানা করা হচ্ছে।জগদানন্দ জানান, তথ্য অধিকার আইনের প্রয়োগের কারণে ওডিশার কৃষকদের আত্মহত্যার হার কমে গেছে।বাংলাদেশের তথ্য কমিশনের কমিশনার সাদেকা হালিম বলেন, অধিকাংশ সরকারি কর্মকর্তা মনে করেন, তথ্য তাঁদের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদ। তাই দিতে গড়িমসি করেন। তথ্য কমিশনের লোকবলসহ নানা সীমাবদ্ধতা দূর করতে পারলে ধীরে ধীরে আইনটি গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ারে পরিণত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে তথ্য অধিকার ফোরাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, ইক্যুইটি বিডি, রিয়েলিটি অব এইড ও এশিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।তথ্য অধিকার আন্দোলনের সেমিনার: দক্ষিণ এশিয়া সামাজিক ফোরামের আওতায় আরেকটি সেমিনারে তথ্য অধিকার আইনের সুফল পেতে তথ্যদাতা এবং তথ্যের জন্য আবেদনকারী—উভয়কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্সে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার আন্দোলন ও অ্যাকাউন্টিবিলিটি ইনিশিয়েটিভ বাংলাদেশ।