সরকারি নির্দেশনা থাকলেও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন। চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন গ্রামে কাবিখার আওতায় ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি’ বাস্তবায়নকালে তা ফুটে উঠেছে। প্রকল্প এলাকার কোথাও দেখা মেলেনি সংস্কারকাজের বিবরণী-সংক্রান্ত লিখিত সাইনবোর্ড। স্থানীয় লোকজনের অভিযোগ, দায়িত্বশীল ব্যক্তিরা অসত্ উদ্দেশ্যে এই তথ্য জানার অধিকার থেকে তাদের বঞ্চিত করে রেখেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে কুসুম্বীতে ২২ টনের দুটি, গাড়ীদহে ২০ টনের দুটি, খামারকান্দিতে ১২ টনের একটি, খানপুরে ২২ টনের দুটি, মির্জাপুরে ২৫ টনের দুটি, বিশালপুরে ২২ টনের দুটি, ভবানীপুরে ১৭ টনের একটি, সুঘাটে ১৪ টনের একটি ও সীমাবাড়ী ইউনিয়নে ১৪ টনের একটি প্রকল্পের আওতায় মোট ১৬৮ মেট্রিক টন গমের কাজ বাস্তবায়ন হতে চলেছে। প্রতি টন গমের সরকারি দাম ২১ হাজার ৭৬২ টাকা। গত ১০ ফেব্রুয়ারি থেকে কাবিখার মাটিকাটা কর্মসূচির সূচনা হয়। শেষ হবে ৫০ দিনের মধ্যে।উপজেলার খানপুর ইউনিয়নের ‘ভাটরা মধ্যপাড়া করতোয়া নদী থেকে ভীমজানী উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কার’ প্রকল্পের মাটিকাটা কাজে নিয়োজিত শ্রমিকসর্দার আবদুল হামিদ জানান, প্রকল্পের পাশে কাজের সাইনবোর্ড না থাকায় তিনি জানতে পারেননি তাঁর অধীনে দিনমজুরেরা মাটি কেটে কী পরিমাণ গম পাবেন।প্রকল্পের সভাপতি খানপুর ইউনিয়নের নূরুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে তাঁদের সাইনবোর্ড সরবরাহ না করায় তাঁরা তা টানাতে পারেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম জানান, সাইনবোর্ড টানানোর জন্য সরকারি নির্দেশনা রয়েছে। তবে সময়মতো সাইনবোর্ডগুলো তৈরি ও লেখা সম্পন্ন না হওয়ায় তা সরবরাহ করা সম্ভব হয়ে উঠেনি।