তথ্য জানলে ও জানালে প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়বে। জবাবদিহির জায়গাটা আরও মজবুত হবে। নাগরিক সেবার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রকৃতপক্ষে জনগণের সেবা নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমতে বাধ্য। বরিশালে গতকাল শুক্রবার তথ্য অধিকারবিষয়ক বিভাগীয় বিতর্ক উৎসব উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
সকাল সাড়ে নয়টায় নগরের অশ্বিনীকুমার হলে দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে বেসরকারি সংস্থা এমআরডিআই (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ)। ‘আমার তথ্য আমার অধিকার’ শীর্ষক এ উৎসবে আর্থিক সহযোগিতা দিচ্ছে আরেক বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। উৎসব বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন, বরিশাল ডিবেটিং সোসাইটি ও জাগ্রত নাগরিক কমিটি।
অনুষ্ঠানে তথ্য কমিশনার আরও বলেন, জনগণ যাতে সহজে তথ্য জানতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘তথ্য অধিকার আইনের বাস্তবায়ন করতে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। ওরা যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে। যুক্তি দিয়েই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। তাই আজকের তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। ওরাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করবে।’ এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যুগ্ম সম্পাদক খন্দকার হাসিবুল বান্না, জাগ্রত নাগরিক কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, বরিশাল ডিবেটিং সোসাইটির সভাপতি এম এ মাসুদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকারের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বেলা দুইটায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয় বিতর্কের মূল পর্ব। বিতর্ক উৎসবে ৩৬টি দল অংশ নেয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১৬টি, কলেজ পর্যায়ের ১২টি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আটটি। গতকাল দলগুলোর মধ্যে প্রথম রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়।