রাজধানীর খিলগাঁওয়ে শিশু জেনিফা হত্যার প্রধান আসামি রেজাউল করিম রাজীবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি ওই হত্যাকাণ্ডের কোনো তথ্যই দিচ্ছেন না, এমনকি সবাইকে না চেনার ভান করছেন।খিলগাঁও থানার পুলিশ জানায়, সিপাহীবাগের একটি বাড়ির চারতলার সানশেড থেকে ৪ আগস্ট সাড়ে তিন বছরের জেনিফা ইসলাম তানহার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে জেনিফার মা হালিমা ইয়াসমিনকে। রাজীব হালিমার বন্ধু। গত ২৭ জুলাই রাজীবের হাত ধরে ঘর ছাড়েন হালিমা। তাঁরা বাসা নেন সিপাহীবাগের ওই বাড়িতে। তানহার বাবা মিরপুরের ব্যবসায়ী ফারুক হোসেন শিশুসন্তান হত্যার অভিযোগে রাজীব ও হালিমাকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত রোববার রাজীবকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তিনি কিছুই বলছেন না।১৬ আগস্ট আইনজীবীর মাধ্যমে মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন রাজীব। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই পুলিশ আদালতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত রোববার তাঁকে থানা হেফাজতে নেয় পুলিশ। আজ মঙ্গলবার রাজীবকে হালিমার মুখোমুখি করা হবে।গতকাল সোমবার সিপাহীবাগের যে বাড়িটি রাজীব ভাড়া নিয়েছিলেন, ওই বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে তাঁর মুখোমুখি করা হয়। তাঁরা রাজীবকে শনাক্ত করেন। তবে রাজীব তাঁদের না চেনার ভান করেন।বাড়ির মালিক হাজি আবুল বাশার পুলিশকে জানান, ২৫ জুলাই রাজীব বাসা দেখে তাঁর সঙ্গে কথা বলে যান। রাজীব সে সময় তাঁর একটি ভিজিটিং কার্ডে নিজ হাতে ফোন নম্বর লিখে বাড়ির মালিককে দিয়েছিলেন। এরপর ২৭ জুলাই তিনি বোরকা পরা একজন নারী ও কোলের বাচ্চা নিয়ে এসে নিজের স্ত্রী-কন্যা পরিচয় দিয়ে ওই বাড়ির পাঁচতলার ভাড়াটিয়া হিসেবে ওঠেন। বাড়ির মালিক রাজীবের দেওয়া সেই ভিজিটিং কার্ড পুলিশকে দিয়েছেন। ওই কার্ডে রাজীবের নাম লেখা রয়েছে এবং উল্টোপিঠে তাঁর নিজ হাতে লেখা নম্বরও রয়েছে। কিন্তু তিনি বাড়ির মালিককে চেনেন না এবং কোনো দিন তাঁকে দেখেননি বলে পুলিশকে জানিয়েছেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দীন প্রথম আলোকে জানান, রাজীব যে মিথ্যা বলছেন তা স্পষ্ট। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে তিনি এ ঘটনায় জড়িত ছিলেন। তাঁর আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। বাড়ির মালিকের জবানবন্দি নেওয়া হয়েছে। আজ তাঁকে হালিমার মুখোমুখি করা হবে।