তথ্য দিতে দুই পিআইওকে কমিশনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুণ্ডুকে পাঁচ দিন এবং নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদকে সাত দিনের মধ্যে প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীরকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
কাজের ব্যস্ততা ও তথ্য অধিকার সম্পর্কে ধারণা না থাকায় আবেদনকারীকে তথ্য দেওয়া হয়নি বলে ওই দুই পিআইও তথ্য কমিশনকে জানান।
গত রোববার তথ্য কমিশনে শুনানি শেষে আইন অনুযায়ী তথ্য সংগ্রহের নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে ওই সময়ের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এ এস এম আলমগীরের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তথ্য কমিশনের উপপরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) নূরুন নাহার ওই দুই পিআইওর বিরুদ্ধে সমন জারি করেন।
আলমগীর গত ২৪ মার্চ বিরামপুরের পিআইও এবং ৩ এপ্রিল নবাবগঞ্জের পিআইওর কাছে গত চার বছরের টিআর, কাবিখা, কাবিটা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প (৪০ দিনের কর্মসূচি), গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২ মিটার পর্যন্ত) সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প, সাংসদের বিশেষ বরাদ্দের পূর্ণাঙ্গ তথ্য, কর্মরত শ্রমিকদের নাম, পূর্ণাঙ্গ ঠিকানার তথ্য চেয়ে (ছায়ালিপি) তথ্য অধিকার আইনে তথ্য কর্মকর্তার মাধ্যমে আবেদন করেন। নবাবগঞ্জের পিআইও তথ্য দিতে বিরত থাকেন। আর বিরামপুরের পিআইও লিখিতভাবে তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তথ্যগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের কাছ থেকে সংগ্রহ করতে বলেন; যা তথ্য অধিকার আইনের পরিপন্থী।
এ ঘটনায় আলমগীর ঊর্ধ্বতন আপিল কর্তৃপক্ষ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমানের কাছে গত ১৮ এপ্রিল এবং ২০ মে পৃথক আপিল আবেদন করেন। আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আলমগীরকে তথ্য দেওয়ার জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিরামপুর ও নবাবগঞ্জের পিআইওকে লিখিত নির্দেশ দেন।
নির্দেশ পেয়ে গত ১৪ মে বিরামপুরের পিআইও ছায়ালিপির মাধ্যমে তথ্য না দিয়ে শুধু ২০০৯-১০ এবং ২০১০-১১ সালের কিছু তথ্য (কম্পিউটার মুদ্রিত) তাঁর কার্যালয়ের সিল, সই ছাড়াই সরবরাহ করেন। আলমগীর তা গ্রহণে অস্বীকৃতি জানান। পিআইও মিঠুন কুণ্ডু গত ৩০ মের মধ্যে সব তথ্য প্রদান করা হবে বলে লিখিতভাবে জানান। ৩০ মে তাঁর কার্যালয়ে তথ্য নিতে গেলে তাঁর পক্ষে ছায়ালিপির মাধ্যমে তথ্য দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান। নবাবগঞ্জের পিআইও তথ্য দিতে বিরত থাকেন।