তথ্য দিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনে প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীরের করা আবেদন অনুযায়ী তথ্য দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক এ কে এম মাসুদুজ্জামানকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। গতকাল বুধবার তথ্য কমিশনে শুনানি শেষে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার আদেশ দেয় তথ্য কমিশন।
বিরামপুর প্রতিনিধি দিনাজপুরে ইটভাটা, হাসপাতাল-ক্লিনিক, চালকল, কলকারখানা এবং এসব প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র-সংক্রান্ত তথ্য ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত পাঁচ বছরে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার তথ্য চেয়ে এ বছরের ১৫ মে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেন। নির্ধারিত কার্যদিবসে তথ্য না পেয়ে ১৯ জুন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আপিল আবেদন করেন বিরামপুর প্রতিনিধি।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল বিরামপুর প্রতিনিধিকে তথ্য দেওয়ার জন্য রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাসুদুজ্জামানকে গত ২৭ জুন লিখিতভাবে নির্দেশ দেন। এরপরও তথ্য না দিলে বিরামপুর প্রতিনিধি গত ৩১ জুলাই তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।